২৫শে মার্চ কালরাত্রি স্মরণে বরিশালে বাম গণতান্ত্রিক জোটের আলোক প্রজ্বলন অনুষ্ঠিত
আমাদেরবরিশাল.কম
২৫ March ২০২৫ Tuesday ৯:৫৯:২১ PM
নগর প্রতিনিধি:
আজ ২৫ শে মার্চ সন্ধ্যা ৭ টায় ২৫শে মার্চ ১৯৭১ সালে বাঙালিদের উপর পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস হত্যাযজ্ঞের কালরাত্রি স্মরণে বরিশালে বাম গণতান্ত্রিক জোটের আলোক প্রজ্বলন অনুষ্ঠিত হয়।
আলোক প্রজ্জ্বলন পরবর্তী সমাবেশে বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলার সমন্বয়ক শাহ আজিজুর রহমান খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন , বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যাপক মিজানুর রহমান সেলিম,বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল জেলা শাখার সংগঠক আমিনুর রহমান খোকন, বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল জেলা শাখার সম্পাদক নৃপেন্দ্রনাথ বাড়ৈ, ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলার সভাপতি এ কে আজাদ,বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলার সদস্য সুজন আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, ১৯৭১ সালে এই ২৫শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলার মুক্তিকামী মানুষের উপর বর্বর হত্যাকাণ্ড পরিচালনা করে। ঘুমন্ত বাঙালির উপর রাতের অন্ধকারে ঝাঁপিয়ে পড়ে পরিচালনা করে অপারেশন সার্চলাইট। এসময়ে নেতৃবৃন্দ বলেন, ১৯৭১ সালে পাকিস্তানের সহযোগী হয়ে আলবদর, আলশামস – রাজাকার বাহিনী গঠন করে যে হত্যাকাণ্ড করেছে সে রাজাকারদের বিচার স্বাধীনতার ৫৩ বছরে এখন পর্যন্ত করা হয়নি নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধে গণহত্যাকারীদের বিচার দাবি করেন । নেতৃবৃন্দ আরো বলেন, মুক্তিযুদ্ধের আকাঙ্খা বাস্তবায়ন হয়নি বলেই ৯০ এবং ২৪ এ গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সমাজিক ন্যায়বিচার। কিন্তু অভ্যূত্থান পরবর্তী সময়েও সেগুলো নিশ্চিত হয়নি। দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে। মব তৈরি করে নারী – ভিন্নমতের মানুষের প্রতি নির্যাতন করা হচ্ছে। আজকে ঢাকায় শ্রমিকদের বকেয়া বেতন বোনাসের দাবিতে আন্দোলনে পুলিশ হামলা চালায়। আন্দোলনে সংহতি জানানো ছাত্র নেতাদের উপর ন্যাক্কারজনক হামলা চাইলো হয়। নেতৃবৃন্দ এই হামলার তীব্র নিন্দা জানান এবং ঈদের আগে শ্রমিকের সব পাওনা বুঝিয়ে দেওয়ার দাবি করেন। নেতৃবৃন্দ আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে গিয়ে কখনোই বৈষম্যহীন সমাজ নির্মাণ করা সম্ভব নয়।তাই বৈষম্যহীন সমাজ নির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করে একটি শ্রমিক কৃষক মেহনতী মানুষের জন্য একটা সমাজ নির্মাণ করা প্রয়োজন।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।