![]() বানারীপাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ মাস ধরে চালক না থাকায় রোগীরা সরকারী অ্যাম্বুলেন্স সেবা বঞ্চিত !
১৪ June ২০২৫ Saturday ৯:৩৬:০২ PM
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি ॥ ![]() বরিশালের বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ৬ মাস ধরে নেই অ্যাম্বুলেন্স চালক। অথচ সরকারি একটি অ্যাম্বুলেন্স হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে ধূলায় ঝাপসা হয়ে আছে। জরুরি চিকিৎসা বা রেফার্ডকৃত রোগী পরিবহনের জন্য সেই গাড়িটি কোনো কাজেই আসছে না, শুধু একজন চালকের অভাবে। ফলে বাধ্য হয়ে রোগীর স্বজনদের দ্বারস্থ হতে হচ্ছে বেসরকারি অ্যাম্বুলেন্স সেবার, যা দিনে দিনে রীতিমতো বোঝা হয়ে দাঁড়াচ্ছে। স্থানীয়দের অভিযোগ,বরিশাল শহরের হাসপাতালে রোগী নিয়ে যেতে এখন পনেরো’শ থেকে দুই হাজার টাকা পর্যন্ত গুনতে হচ্ছে, যেখানে সরকারি অ্যাম্বুলেন্স থাকলে তা হতো নামমাত্র ৬০০টাকা ফি-তে। সবচেয়ে বিপাকে পড়ছেন মধ্যবিত্ত ও গরিব রোগীরা। অনেক সময় উপজেলা হাসপাতালে আসার পর ডাক্তার রেফার্ড দিলেও দরিদ্র রোগীদের অ্যাম্বুলেন্স ভাড়া জোগাড় করতে হিমশিম খেতে হয়। এক রোগীর স্বজন বলেন, “আমার বোনের সিজার করতে হবে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল রেফার্ড করে। কিন্তু হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক নেই শুনে আমাদের হাতে সময় না থাকায় পাশের একটি বেসরকারি এ্যাম্বুলেন্স ডেকে দেড় হাজার টাকা ভাড়া গুনতে হয়েছে।” স্থানীয়ভাবে অনেকে প্রশ্ন তুলেছেন, ‘সরকার যেখানে প্রতিটি উপজেলায় অ্যাম্বুলেন্স দিচ্ছে, সেখানে একটি চালক রাখার মতো সামর্থ্য কি নেই স্বাস্থ্য বিভাগের?” হাসপাতালের একজন সিনিয়র নার্স নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘গাড়ি আছে, কিন্তু চালক নেই, এটা শুধু বিব্রতকর না, ভয়াবহ। অনেক সময় রাতবিরাতে রোগী আসলে আমাদের কাছেই জানতে চায়, অ্যাম্বুলেন্স?’ আমরা বলি, ‘আছে, কিন্তু চালক নেই।’ মানুষ ভাবে আমরা মিথ্যা বলছি।’ সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

