" />
AmaderBarisal.com Logo

উজিরপুরে বিস্ফোরক মামলার আসামি আওয়ামী লীগ নেতাকে ছেড়ে দেবার অভিযোগ


আমাদেরবরিশাল.কম

১৪ August ২০২৫ Thursday ৯:৫০:৩১ PM

উজিরপুর ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের উজিরপুরে বিস্ফোরক মামলার আসামী ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলামকে (৫৫) ছেড়ে দেয়ার অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে।

এছাড়াও অভিযোগ উঠেছে উজিরপুর উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম আটক শহিদুল ইসলামকে ছেড়ে দিতে তদবির করেছেন। 

বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৭ টার দিকে উজিরপুর মডেল থানার সামনের দোকান থেকে শহিদুল ইসলামকে পিটিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে ছাত্র-জনতা। পরে ভোর রাতে মুচলেকা রেখে ছেড়ে দেয় পুলিশ।
গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন শহিদুল ইসলাম।তাঁর বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় বিস্ফোরক আইনে মামলা আছে ।

স্থানীয় সূত্রে জানা যায়, শহিদুলের অস্থায়ী  বাড়ি শোলক ইউনিয়নের পূর্ব ধামুরা গ্রামে এবং স্থায়ী বাড়ি পাশের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ডে। তিনি রত্নপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি।

স্থানীয় লোকজন অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে শহিদুল ইসলাম বিএনপি ও অন্য রাজনৈতিক দলের নেতা-কর্মীদের পুলিশ দিয়ে হয়রানি করতেন।

অভিযোগ উঠেছে, উজিরপুর মডেল থানার কর্মকর্তারা মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিস্ফোরক আইনের মামলার আসামি শহিদুল ইসলামকে ছেড়ে দিয়েছে। এছাড়া উজিরপুর পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম বিরুদ্ধে আসামী শহিদুল ইসলাম আত্মীয় হওয়াতে ছেড়ে দিতে তদবরি করেছেন বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে উজিরপুর পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে মুঠোফোনে বলেন, ‘শুনেছি শহিদুল ইসলাম আটক  হয়েছেন। আমাদের দলীয় লোকের করা মামলার আসামীকে আমি কোনক্রমেই ছাড়িয়ে আনতে পারি না তাতে যত বড়ই আত্মীয় হোক। আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।’

অপরদিকে অভিযোগের বিষয়ে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস সালাম যোগাযোগ চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। উপ-পরিদর্শক (এসআই) যতীনময় বলেন, এ বিষয়ে সার্কেল স্যারের (সহকারী পুলিশ সুপার) সাথে কথা বলেন।

উজিরপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. ইকরামুল আহাদ বলেন, ‘মুচলেকা নিয়ে গভীর রাতে তাকে ছেড়ে দেয়া হয়েছে।’ 

অর্থনৈতিক লেনদেনের কথা বললে বিষয়টি তিনি এড়িয়ে যান এবং একটি লিখিত প্রতিবেদন দেবেন বলে জানান।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।