![]() পাথরঘাটায় শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় কৃষক দল নেতাকে বেত্রাঘাত-জরিমানা
১৬ August ২০২৫ Saturday ১০:৩০:০৩ PM
পাথরঘাটা ((বরগুনা) প্রতিনিধি: ![]() বরগুনার পাথরঘাটায় অবসরপ্রাপ্ত শিক্ষক ও পল্লী চিকিৎসক বিজয় কৃষ্ণ হালদারের ওপর হামলার ঘটনায় কৃষক দলের নেতাকে ২৫ বেত্রাঘাত ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকালে উপজেলার রূপদোন আমিরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক সালিশে এই রায় কার্যকর করা হয়। সালিশে ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও শাপলা কাঁঠালতলীর সাবেক ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, কাকচিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির উদ্দিন সিকদারসহ অনেকে। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মো. ফারুক এই রায় দেন। শিক্ষকের ওপর হামলাকারী কাকচিড়া ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি মো. ইদ্রিস মুন্সী। চৌধুরী মো. ফারুক জানান, ৪ জুলাই ইদ্রিসের মা অসুস্থ হয়ে পড়লে শিক্ষক ও চিকিৎসক কৃষ্ণ হালদারকে তার মাকে একবার দেখার অনুরোধ করলে তিনি তাতে অস্বীকৃতি জানান। এ সময় ইদ্রিস লোহার পাইপ দিয়ে পিটিয়ে কৃষ্ণ হালদারের হাত ভেঙে দেন। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়। গরিবের ডাক্তার নামে পরিচিত কৃষ্ণ হালদারের ওপর হামলার ঘটনায় দোষীদের বিচারের দাবি জানিয়ে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এ ব্যাপারে পাথরঘাটা থানায় একটি মামলা হলে পুলিশ অভিযান চালিয়েও ইদ্রিসকে ধরতে পারেনি। বিষয়টি বিএনপির দলীয় পর্যায়েও আলোচিত হয়েছে। বরগুনা-২ আসনের সাবেক সংসদ-সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি কঠোর শাস্তির নির্দেশনা দিলে এলাকাবাসীর উপস্থিতিতে সালিশ বসে। সালিশে ২৫ বেত্রাঘাত ও নগদ ৫০ হাজার টাকা আদায় করা হয়। পরে শিক্ষকের কাছে ক্ষমা চাইলে শিক্ষক ইদ্রিসকে ক্ষমা করে দেন। পাথরঘাটা থানার ওসি মেহেদী হাসান জানান, ইদ্রিসের নামে অনেক অভিযোগ। এ ব্যাপারে মামলা হয়েছে। আপস মীমাংসা হলে ওটা আদালত বুঝবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

