" />
AmaderBarisal.com Logo

নেছারাবাদে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সরকারি গাছ আ*ত্ম*সা*তের অভিযোগ


আমাদেরবরিশাল.কম

২৪ August ২০২৫ Sunday ২:০০:৫৫ PM

নেছারাবাদ ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার পাটকেলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক বিশ্বজিৎ বর্মনের বিরুদ্ধে সরকারি গাছ আত্মসাতের অভিযোগ উঠেছে। বিষয়টি আলোচনায় আসলে উপজেলা বন বিভাগের গাছগুলো জব্দ করে। ওসি বনী আমিন শনিবার (২৩ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে বন্যার কারণে সড়কের পাশে হেলে পড়া দুটি মেহগনি ও একটি আকাশমনি গাছ কেটে পুলিশ ফাঁড়ির সামনের রাস্তার পাশে রাখা হয়। ওই কর্মকর্তা ব্যক্তিগত ফার্নিচার বানানোর জন্য স্থানীয় ভ্যানচালক মোঃ মনির ফকির ও ইউসুফের মাধ্যমে ওই গাছগুলো পাটিকেলবাড়ীর একটি করাতকলে (স্ব-মিলে) চেরাই করতে নিয়ে যান।

এ বিষয়ে ভ্যানচালক মনির ফকির বলেন, ফাঁড়ির ইনচার্জ গাছগুলো আমাকে স্ব-মিলে চেরাইয়ের জন্য নিয়ে যেতে বলে। রাস্তার গাছ যেনে আমি নিতে না চাইলে তিনি গাছ নেয়ার অনুমতি আছে বলে আমাকে জানান। পরে আমি ও ইউসুফ মিলে গাছগুলো স্ব-মিলে দিয়ে আসি।

স্ব-মিলের মালিক মোঃ রেদওয়ান জানান, ফাড়ির ইনচার্জ আমাকে ফোনে তাঁর কিছু গাছ চেরাই করতে হবে জানিয়ে ভ্যানচালক মোঃ মনির ফকির ও ইউসুফের মাধ্যমে গাছগুলো আমার স্ব-মিলে পাঠান। পরে জানতে পারি যে গাছগুলো সরকারি।”

এদিকে সরকারি গাছ স্ব-মিলে নিয়ে চেরাইয়ের খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি জানতে পেরে উপজেলা বন বিভাগের লোকজন ওই স্ব-মিলে গিয়ে গাছগুলো জব্দ করে স্ব-মিল মালিক রেদওয়ানের জিম্মায় রাখেন।

নেছারাবাদ উপজেলার বন কর্মকর্তা সালাউদ্দিন বলেন “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছগুলো জব্দ করে ওই মিল মালিকের জিম্মায় রেখে আসি। তিনি আরও জানান, যত দ্রুত সম্ভব নিলাম টেন্ডারের মাধ্যেমে গাছগুলো বিক্রী করা হবে।

অভিযোগের বিষয়ে পুলিশ পরিদর্শক বিশ্বজিৎ বর্মনের কাছে জানতে চাইলে তিনি জানান, গাছগুলো রাস্তার পাশে এলোমেলো পড়েছিল। তাই সেগুলোকে একত্রিত করে সুবিধামত একটি জায়গায় রাখা হয়েছে। উপজেলা বন বিভাগের কাছে না দিয়ে বা ফাড়ির করিডোরে না রেখে স্ব-মিলে কেন এমন প্রশ্নের জবাবে তিনি জানান- বন বিভাগ চাইলে গাছ নিয়ে যেতে পারে।

এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) বনী আমিন বলেন, আমি বিষয়টি গণমাধ্যমে জানতে পেরেছি। উর্ধ্বতন কতৃপক্ষ বিষয়টি অবগত হয়েছে। থানায় এখনো কোনো অভিযোগ হয়নি।

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম বলেন, “খবর পাওয়ার পরপরই বন বিভাগ ঘটনাস্থলে গিয়ে গাছগুলো জব্দ করেছে। এসব গাছ যথাযথ প্রক্রিয়ায় নিলামে তোলা হবে। কে বা কারা গাছগুলো সরিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।