![]() রাজাপুর বালিকা মাদ্রাসা যেন সাক্ষাৎ ‘মরণফাঁদ’
৩ September ২০২৫ Wednesday ১১:৪৭:৩৯ AM
অনলাইন নিউজ ডেস্ক: ![]() পটুয়াখালীর বাউফল উপজেলার রাজাপুর বালিকা দাখিল মাদ্রাসার অ্যাকাডেমিক ভবন এখন শিক্ষার্থীদের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় টিনশেড ভবনটির কাঠের খুঁটি ও ছাউনি নড়বড়ে হয়ে পড়েছে। প্রতিনিয়ত স্যাঁতসেঁতে ও ঝুঁকিপূর্ণ পরিবেশে চলছে পাঠদান। সরেজমিনে দেখা যায়, প্রায় ১৭ বছর আগে নির্মিত ১২ কক্ষবিশিষ্ট ভবনটিতে আজ পর্যন্ত কোনো সংস্কার হয়নি। বর্তমানে নবম ও দশম শ্রেণির ক্লাস চলছে মাত্র দুটি কক্ষে। একটি কক্ষে সুপারের অফিস এবং অপরটি শিক্ষক মিলনায়তন হিসেবে ব্যবহৃত হচ্ছে। বর্ষাকালে টিন ফুটো হয়ে বৃষ্টির পানি পড়ায় মেঝেতে কাদা জমে যায়। ফলে অনেক সময় বইপত্র নষ্ট হয়, আর ঝড়-বন্যার সময় পাঠদান কার্যত বন্ধ হয়ে যায়। দশম শ্রেণির শিক্ষার্থী তাবাসসুম বলেন, ‘ক্লাসরুমে সবসময় আতঙ্কে থাকি। কখন যে ছাউনি ভেঙে পড়ে বা ঘর হেলে পড়ে যায়, সেই ভয়ে পড়াশোনায় মনোযোগ থাকে না।’ সপ্তম শ্রেণির শিক্ষার্থী উম্মে খাদিজা জানান, ‘বৃষ্টির দিনে টিন ফুটো হয়ে পানি গড়িয়ে পড়ে। তখন কাদা পানির মধ্যে বসে ক্লাস করতে হয়।’ অভিভাবক মো. মিজানুর বলেন, ‘আমাদের সন্তানরা ঝুঁকির মধ্যে পড়াশোনা করছে। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।’ সহকারী শিক্ষক মাওলানা মো. মহসীন জানান, ‘এখানে শিক্ষার অনুকূল পরিবেশ নেই। শিক্ষার্থীরা ভয়ে অমনোযোগী থাকে। বর্ষায় উপস্থিতিও কমে যায়। একটি নতুন ভবন অত্যন্ত জরুরি।’ মাদ্রাসার সুপার মাওলানা মো. আজহার উদ্দিন বলেন, ‘ভবনটির অবস্থা পাঁচ বছরেরও বেশি সময় ধরে খারাপ। নতুন ভবনের জন্য বিভিন্ন দপ্তরে আবেদন করলেও কোনো ফল পাইনি।’ ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা মো. রহমত উল্লাহ জানান, ‘শিক্ষার্থীরা প্রতিবছর ভালো ফলাফল করছে। কিন্তু ঝুঁকিপূর্ণ ভবন শিক্ষার পরিবেশ নষ্ট করছে। নতুন ভবনের জন্য আমরা নিরন্তর চেষ্টা করছি।’ এ বিষয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী মো. মুশফিকুর রহমান বলেন, ‘রাজাপুর বালিকা দাখিল মাদ্রাসার নতুন ভবনের চাহিদা ইতোমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই নির্মাণ কাজ শুরু হবে।’ সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

