![]() উজিরপুরে ভবন সওজের জমিতে, হবে বিএনপি কার্যালয়
৪ September ২০২৫ Thursday ১০:৫৫:০২ AM
অনলাইন নিউজ ডেস্ক: ![]() বরিশালের উজিরপুর উপজেলায় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জমি দখল করে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। ওই স্থানে গত বছরের ৫ আগস্টের আগে আওয়ামী লীগের নেতারা ছাপরা তুলে কার্যালয় হিসেবে ব্যবহার করতেন বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। প্রায় দুই মাস ধরে শ্রমিক দিয়ে বিএনপির নেতা-কর্মীরা দুই কক্ষের ভবনের নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, দুই মাস ধরে সড়কের জমি দখল করে ভবন নির্মাণের কাজ চললেও সড়ক ও জনপথ বিভাগ কোনো ব্যবস্থা নেয়নি। সরেজমিনে দেখা গেছে, বরিশাল-বানারীপাড়ার সড়কে সবচেয়ে ব্যস্ততম গুঠিয়া সেতু। এটি ওই এলাকার বাণিজ্যিক বন্দর এবং গুঠিয়ার সন্দেশ প্রসিদ্ধ হওয়ায় সব সময় জমজমাট থাকে। বরিশাল থেকে বানারীপাড়া যেতে সেতু পার হওয়ার পর ঢালের শুরুতে দক্ষিণ পাশে বিএনপির নেতা-কর্মীরা ভবন নির্মাণ করেছেন। গতকাল বুধবার সড়ক ও জনপথ বিভাগের উজিরপুর উপজেলার উপসহকারী প্রকৌশলী হামিদুর রহমান বলেন, ‘আমি খবর পেয়ে আজ (বুধবার) নির্মাণাধীন ওই ভবন দেখে এসেছি। ভবনে ওঠার জন্য একটি সিঁড়িও করা হয়েছে। ওই ভবন এবং সিঁড়ি সড়ক ও জনপথ বিভাগের জমির ওপর করা হয়েছে কি না, তা সার্ভেয়ার এনে মেপে দেখতে হবে।’ অপর দিকে স্থানীয় বিএনপির নেতারা বলছেন, সরকারের প্রয়োজন হলে তাঁরা জমি ছেড়ে দেবেন। জানা গেছে, একই স্থানে ২০২৩ সালের দিকে অবৈধভাবে টিনের ছাপরা তুলে গুঠিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় করা হয়েছিল। গত বছর ৫ আগস্ট সরকার পতনের দিন অফিসটিতে লুটপাট করে আগুন দেওয়া হয়। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

