" />
AmaderBarisal.com Logo

বাউফলে সুপারি চুরির অপবাদে কিশোরকে শিকলে বেঁধে নির্যাতন, লজ্জায় বিষপান


আমাদেরবরিশাল.কম

১৪ September ২০২৫ Sunday ২:১০:৪৬ PM

অনলাইন নিউজ ডেস্ক:

পটুয়াখালীর বাউফলে সুপারি চুরির অভিযোগে নবম শ্রেণির শিক্ষার্থী রোমান (১৪) কে গাছের সঙ্গে শিকলে বেঁধে নির্যাতন করার পর তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ভিডিও ভাইরাল হয়ে গেলে লজ্জা ও অভিমানে কৃষি কাজে ব্যবহৃত পোকা মারার ওষুধ (বিষ) খেয়ে আত্মহত্যার চেষ্টা করে কিশোরটি।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের মান্দারবন গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী রোমান মান্দারবন গ্রামের কৃষক আব্দুল গণির ছেলে এবং কাছিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

বিষপানের পর রোমানকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। জরুরি বিভাগের চিকিৎসকরা তার পাকস্থলী পরিষ্কার করে প্রাথমিক চিকিৎসা দেন এবং পর্যবেক্ষণে রাখেন। বর্তমানে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

পরিবারের অভিযোগ, বেলা ১১টার দিকে হাওলাদার বাড়ির মোহাম্মদ ছালামের সঙ্গে সুপারি সংগ্রহে গাছে ওঠে রোমান। ফেরার পথে স্থানীয় এক ব্যক্তির গাছ থেকে সুপারি সংগ্রহের চেষ্টা করলে সজিব, বাবু ও আমিন নামে তিনজন তাকে ধরে ফেলে। পরে গাছের সঙ্গে শিকলে বেঁধে ব্যাপক মারধর করে এবং ঘটনার ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেয়।

ভিডিও ভাইরাল হওয়ার পর রাত সাড়ে ৮টার দিকে লজ্জা ও অপমানে রোমান বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে বলে জানিয়েছেন তার পরিবার।

অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাদের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।

এ বিষয়ে বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে অবগত হয়েছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।