" />
AmaderBarisal.com Logo

সাবেক ছাত্রলীগ নেতা আটক; ছাড়ানোর তদবিরে যুব জামায়াতের নেতা!


আমাদেরবরিশাল.কম

১৮ September ২০২৫ Thursday ৫:৫৯:২০ PM

অনলাইন নিউজ ডেস্ক:

পটুয়াখালীর বাউফলে সাবেক এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে থানা পুলিশ। অভিযোগ উঠেছে, আটক হওয়ার পর তাকে ছাড়াতে থানায় হাজির হন স্থানীয় যুব জামায়াতের নেতা।

আটক ছাত্রলীগ নেতা মাইনুল ইসলাম কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের মো. আব্দুস সালাম সিকদারের ছেলে এবং তিনি ৮নং ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে থানার উপপরিদর্শক সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে মমিনপুর গ্রাম থেকে আটক করে।

এর আগে মাইনুলের আওয়ামী লীগ নেতাদের সাথে ঘনিষ্ঠতার একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের অভিযোগ, ২০২৪ সালের কেশবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাইনুল ও তার ভাই আমিনুল সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ স ম ফিরোজের শ্যালক এবং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এনামুল হক ওরফে অপুর পক্ষে নানা ভাঙচুর, হামলা-মারামারির ঘটনাতেও জড়িত ছিলেন।

অভিযোগ উঠেছে, আটক মাইনুল ইসলামকে ছাড়াতে তৎপরতা চালান কেশবপুর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি গোলাম আবু সাঈদ। এ বিষয়ে তিনি স্বীকার করে বলেন, “শুধু মাইনুল নয়, জামায়াতে ইসলামী ও বিএনপির নেতারাও অপুর হয়ে নির্বাচন করেছে। সে ছাত্রলীগের কোনো পদে ছিল না। বর্তমানে আমার ইউনিয়ন যুব জামায়াতের অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছে। তাই স্বাভাবিকভাবে আমি থানায় গিয়েছিলাম।”

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরুজ্জামান সরকার বলেন, “মাইনুলকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। তিনি নিষিদ্ধ সংগঠনের রাজনীতির সাথে জড়িত এবং অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তথ্য-প্রমাণ নিশ্চিত হয়ে তাকে আটক করা হয়েছে। সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের সাথেও তার ছবি রয়েছে। আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে।”



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।