" />
AmaderBarisal.com Logo

পটুয়াখালীর তেঁতুলিয়া নদীতে ট্রলারসহ ১৫ লাখ টাকার তরমুজ ডাকাতি; মূল হোতা কামাল গ্রেফতার


আমাদেরবরিশাল.কম

৪ October ২০২৫ Saturday ২:০১:২৮ PM

অনলাইন নিউজ ডেস্ক:

পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীতে ট্রলারসহ প্রায় ১৫ লাখ টাকার তরমুজ ডাকাতির ঘটনায় মূল পরিকল্পনাকারী ডাকাত কামাল হোসেন (৩৮) কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)।
শনিবার (৪ অক্টোবর) ভোরে ভোলার দক্ষিণ দিঘলদী এলাকা থেকে র‍্যাব-৮ এর পটুয়াখালী ও ভোলা ক্যাম্পের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

র‍্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ আহসান বিষয়টি নিশ্চিত করে জানান, “ঘটনার ছায়া তদন্তে ডাকাতি ও কৃষক মারধরের মূল পরিকল্পনাকারী হিসেবে কামাল হোসেনের নাম উঠে আসে। পরবর্তীতে অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।”

র‍্যাব সূত্রে জানা যায়, গত ১৪ মার্চ রাতে গলাচিপা উপজেলার চর কাজল থেকে তরমুজ বোঝাই ট্রলারটি চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেয়। ট্রলারে থাকা ৫ কৃষকের সঙ্গে প্রায় ১০ হাজার পিস তরমুজ ছিল, যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।
রাতের আঁধারে বাউফলের নাজিরপুর অংশে পৌঁছালে সশস্ত্র ডাকাতদল ট্রলারটি ঘিরে ফেলে, কৃষকদের মারধর করে এবং তরমুজ বোঝাই ট্রলারটি ছিনিয়ে নেয়।
এ ঘটনায় কৃষক শহিদুল মাতব্বর বাদী হয়ে অজ্ঞাতনামা ৭–৮ জনকে আসামি করে বাউফল থানায় মামলা দায়ের করেন।
বর্তমানে গ্রেফতারকৃত ডাকাত কামাল হোসেনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।