![]() ভারতে পালানোর সময় বরগুনা ও বরিশালের দুই আ.লীগ নেতা আটক
১৭ October ২০২৫ Friday ৪:৪০:৪৮ PM
নিজস্ব প্রতিনিধি: ![]() দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল আজাদ রিপন (৪৮) এবং বরিশালের উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাফিজুর রহমান ইকবাল (৫৭) স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পড়েছেন। পুলিশ তাঁদের আটক করে শুক্রবার (১৭ অক্টোবর) দিনাজপুর আদালতে সোপর্দ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক। জানা গেছে, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ৮টার দিকে মাহমুদুল আজাদ রিপন ও হাফিজুর রহমান ইকবাল বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর উদ্দেশ্যে অটোরিকশায় সীমান্তের দিকে যাচ্ছিলেন। এ সময় তাঁরা পথ ভুলে ভেলারপাড় ব্রিজ এলাকায় গিয়ে স্থানীয় লোকজনকে সীমান্তের পথ জিজ্ঞেস করলে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে তাঁদেরকে আটক করে থানা-পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাঁদেরকে আটক করে থানায় নিয়ে আসে। আটক মাহমুদুল আজাদ রিপন বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বরগুনা সদর উপজেলার চর কলোনি এলাকার আজহার আলীর ছেলে। হাফিজুর রহমান ইকবাল বরিশালের উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। তিনি বরিশালের উজিরপুর উপজেলার কেশবকাবী গ্রামের রফিজ উদ্দিনের ছেলে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, আটক দুই ব্যক্তির নামে তাঁদের নিজ এলাকায় তিনটি করে রাজনৈতিক মামলা রয়েছে এবং পল্টন থানায়ও তাঁদের বিরুদ্ধে মামলা রয়েছে। তাঁরা পলাতক ছিলেন। বিরামপুর থানা এলাকায় সন্দেহজনক ঘোরাফেরার অভিযোগে তাঁদেরকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

