" />
AmaderBarisal.com Logo

বরগুনায় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকার, ১৩ জেলের কারাদণ্ড


আমাদেরবরিশাল.কম

২২ October ২০২৫ Wednesday ৪:৩৪:০৬ PM

বরগুনা প্রতিনিধি:

নিষেধাজ্ঞা অমান্য করে বরগুনায় ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ শিকার করায় অভিযান চালিয়ে ১৩ জেলেকে আটক করেছে জেলা মৎস্য বিভাগ। এ সময় তাদের কাছ থেকে ইলিশের পোনাসহ প্রায় ১ মণ মাছ উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ট্রলার মালিককে ১৫ দিন এবং বাকি ১২ জেলেকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত সদর উপজেলার নলটোনা এলাকার বিষখালী নদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াছিন আরাফাত রানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আটক জেলেরা হলেন— মো. পালাশ, মো. আউয়াল, মো. মনির, সাগর, ছগীর, মো. নুরুজ্জামান, রাকিব, রিপন মিয়া, রাজিব সিকদার, জয় বিশ্বাস, সুশীল চন্দ্র হাওলাদার, মাসুদ এবং ট্রলার মালিক রিপন সিকদার।

জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞার প্রথম দিন থেকেই বরগুনায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে বিষখালী নদীর নলটোনা এলাকায় অভিযান চালিয়ে ট্রলারে জাল ফেলে মাছ ধরতে থাকা ১৩ জেলেকে আটক করা হয়। এ সময় ইলিশের পোনাসহ প্রায় ১ মণ মাছ জব্দ করা হয়।

বরগুনা সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বলেন, ‘নিষেধাজ্ঞা শুরুর পর থেকে বরগুনায় এখন পর্যন্ত ৫৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে প্রায় ১৮৭ কেজি ইলিশ জব্দ করে বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। আজকের অভিযানে আটক ১৩ জনসহ মোট ১৯ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আমাদের অভিযান নিষেধাজ্ঞার শেষদিন পর্যন্ত চলবে।’

বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন আরাফাত রানা বলেন, ‘পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে ১৩ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২ জনকে ৭ দিন এবং একজন ট্রলার মালিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। উদ্ধারকৃত মাছ স্থানীয় পাঁচটি এতিমখানায় বিতরণ ও জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মৎস্য রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।’



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।