" />
AmaderBarisal.com Logo

গুঁইসাপের আক্রমণ থেকে রক্ষা, আহত বকটি এখন হেমায়েতের পরিবারের সদস্য!


আমাদেরবরিশাল.কম

২৭ October ২০২৫ Monday ১২:৫৮:৩৯ PM

অনলাইন নিউজ ডেস্ক:

বাজারের কোলাহল আর মানুষের ভিড় উপেক্ষা করে একটি সাদা বক নিশ্চিন্তে দাঁড়িয়ে থাকে দোকানের সামনে। কিছুক্ষণ পর দোকানের ভেতরে ঢুকে দোকানদার মো. হেমায়েত উদ্দিনের পাশে গিয়ে বসে, যেন বহু দিনের সঙ্গী সে। এমন দৃশ্য দেখা যায় পটুয়াখালীর বাউফল উপজেলার নুরাইনপুর বাজারে।

দোকান মালিক হেমায়েত উদ্দিন (৩৮) নুরাইনপুর গ্রামের বাসিন্দা। তিনি প্রায় চার বছর ধরে বাজারের মসজিদের সামনে স্টেশনারির ব্যাবসা করছেন। গত চার মাস ধরে তার দোকানেই বসবাস করছে বকটি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বকটি কখনও দোকানের সামনে দাঁড়িয়ে থাকে, কখনও দোকানের ছাউনিতে গিয়ে বসে। কিছুক্ষণ পর আবার হেমায়েত উদ্দিনের চেয়ারের হাতলে এসে বসে পড়ে। মানুষের উপস্থিতিতে কোনো ভীতি নেই তার। দোকানের কোনো কিছু নষ্ট করে না, এমনকি নির্দিষ্ট জায়গায় মলত্যাগ করে। যেন নিয়মশৃঙ্খলা জানা এক পরিবারের সদস্য।

হেমায়েত উদ্দিন বলেন, ‘বকটি পাওয়ার পর থেকে কখনও বেঁধে রাখিনি। সব সময় দোকানের আশপাশেই থাকে, দূরে কোথাও যায় না। ওর ক্ষুধা পেলে আমি বুঝতে পারি, টুপি বা পাঞ্জাবি ধরে খুনসুটি করে। তখন মাছ দিয়ে খাওয়াই। ছোট মাছ কিনে ফ্রিজে রেখে দিই, পরে নরমাল করে খাওয়াই। কখনও নিজেই জাল ফেলে মাছ ধরে আনি। অসুস্থ হলে নাপা ট্যাবলেট খাওয়াই, তাতে ভালো হয়ে যায়। শিশুর মতো যত্ন নিতে হয় ওকে। রাতে দোকানেই থাকে।’

স্থানীয় ব্যবসায়ী মো. খলিল বলেন, ‘মানুষ আর বকের এমন বন্ধুত্ব আগে দেখিনি। প্রতিদিন বাজারে এলে বকটিকে হেমায়েতের দোকানে দেখা যায়। ওর যত্ন নেয়ার ধরনটা সত্যিই অবাক করার মতো।’

জানা গেছে, স্থানীয়ভাবে ‘বকের বাড়ি’ নামে পরিচিত নুরাইনপুর বাজারসংলগ্ন খানবাড়ির একটি বকের বাসা থেকে চার মাস আগে ঝড়ে পড়ে যায় একটি বকের ছানা। তখন একটি গুঁইসাপ বকটিকে আক্রমণ করলে স্থানীয় ব্যবসায়ী হেমায়েত উদ্দিন এগিয়ে এসে সেটিকে উদ্ধার করেন। এরপর যত্নে পরিচর্যা করে নিজের সন্তানের মতো বক ছানাটিকে সুস্থ করে তোলেন তিনি।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।