![]() বাউফলে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি আল-আমীন চৌকিদার গ্রেফতার
১ November ২০২৫ Saturday ১২:৫০:১০ PM
অনলাইন নিউজ ডেস্ক: ![]() পটুয়াখালীর বাউফল থানার আলোচিত হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি মো. আল-আমীন চৌকিদার (৩৫) কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮)। শুক্রবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ভোলা জেলার লালমোহন থানাধীন থানা রোডের জমজম হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদের নেতৃত্বে পটুয়াখালী ও ভোলা ক্যাম্পের একটি যৌথ অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। র্যাব সূত্রে জানা গেছে, আল-আমীন চৌকিদার বাউফল উপজেলার চন্দ্রপাড়া এলাকার একটি মারাত্মক হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি। ২২ অক্টোবর রাতে পূর্ব বিরোধের জেরে একই পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয়। ওই ঘটনায় শাহানাজ পারভিন নামে এক নারী বাদী হয়ে বাউফল থানায় মামলা দায়ের করেন। এজাহার সূত্রে জানা যায়, সেদিন রাত ৯টার দিকে আল-আমীন চৌকিদার ও তার সহযোগীরা লাঠি, রড, দা ও বটি নিয়ে শাহানাজ পারভিন ও তার ছেলে রাকিবের ওপর হামলা চালায়। এতে রাকিব গুরুতর জখম হন এবং তাকে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় বাউফল থানায় মামলা নং-৩৩, তারিখ ২৩/১০/২০২৫ইং; জিআর-৩৫৫/২৫ (বাউফল) দায়ের করা হয়। মামলাটি দণ্ডবিধির ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭, ৪৪৭, ৪৪৮ ও ৫০৬ ধারায় নথিভুক্ত। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা আল-আমীন চৌকিদারকে লালমোহনের একটি হোটেলের সামনে থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে তাকে আইনি প্রক্রিয়ার জন্য লালমোহন থানায় হস্তান্তর করা হয়। র্যাবের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ বলেন, “হত্যাচেষ্টা মামলার মতো গুরুতর অপরাধের আসামিদের কেউই আইনের ঊর্ধ্বে নয়। জনস্বার্থে এবং শান্তিশৃঙ্খলা রক্ষায় র্যাবের অভিযান অব্যাহত থাকবে।” সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

