![]() ভোলায় পূর্ব শত্রুতার জেরে শ্রমিককে পিটিয়ে হত্যা
১ December ২০২৫ Monday ১২:৩৬:০৩ PM
তজুমদ্দিন ((ভোলা) প্রতিনিধি: ![]() ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর এলাকায় মো. সেলিম (৪৫) নামে এক শ্রমিককে অপহরণ করে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (৩০ নভেম্বর) বিকেলে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের পরিবার দাবি করেছে, পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। নিহতের স্ত্রী ঝরনা বেগম জানান, দীর্ঘদিন পর শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম থেকে বাড়ি ফেরার পথে সেলিমকে বাড়ির সামনেই তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। রাতভর নির্যাতন করে তাকে গুরুতর আহত অবস্থায় রাস্তার পাশে ফেলে রাখা হয়। খবর পেয়ে স্বজনরা সকাল সাড়ে ৮টার দিকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়, যেখানে বিকেল ৩টা ৪০ মিনিটে তিনি মারা যান। সেলিমের হাত, পা, ঠোঁটসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত ও ক্ষতচিহ্ন ছিল বলে পরিবার জানিয়েছে। ঝরনা বেগমের অভিযোগ, পূর্ব শত্রুতার কারণে একই এলাকার আনোয়ার হাওলাদার, সিরাজ, রায়হান ও নিরব মিলে সেলিমকে পিটিয়ে হত্যা করেছে। তবে অভিযুক্ত আনোয়ার হোসেন দাবি করেছেন, শনিবার রাতে সেলিম তার বাড়িতে চুরি করতে ঢোকে। বিষয়টি বুঝতে পেরে তিনি চিৎকার করলে স্থানীয়রা এসে গণপিটুনি দেয়। তার সঙ্গে সেলিমের কোনো ব্যক্তিগত শত্রুতা নেই বলেও দাবি করেন তিনি। উল্টো সেলিমকে ‘চিহ্নিত চোর’ বলে অভিযোগ করেন। ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. জাবেদ ইমরান বলেন, রোগীকে ভর্তি করার পর যথাযথ চিকিৎসা দেওয়া হয়। তবে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে এবং শেষ পর্যন্ত তিনি মারা যান। তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মহব্বত খান বলেন, চিকিৎসাধীন অবস্থায় সেলিমের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এখন পর্যন্ত নিহতের পরিবারের কাছ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

