পটুয়াখালী -২ (বাউফল) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে এ আসনে নিয়মিত আন্দোলন চালিয়ে আসছেন দলের দুই একাংশের নেতাকর্মীরা। এই আন্দোলন উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে ছড়িয়ে পড়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে মনোনয়ন বঞ্চিত দুই প্রার্থীর নেতা, কর্মী ও সমর্থকেরা কাফনের কাপড় পড়ে বাউফল পৌর শহরে বিক্ষোভ মিছিল করেছে। এর আগে তারা উপজেলা বিএনপির দলীয় কার্যালয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠানে নেতা-কর্মীরা অংশ নেয়। বিকেল সোয়া চারটার দিকে উপজেলা, বাউফল পৌরসভা ও ১৫ টি ইউনিয়ন বিএনপির কমিটির নেতা-কর্মী ও সমর্থকেরা ওই বিক্ষোভ মিছিল বের করে। উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল জব্বার মৃধার নেতৃত্বে ওই মিছিলটির সামনের সারির নেতাদের পড়নে কাফনের কাপড় ছিল। মিছিলটি পৌরসভার প্রধান প্রধান সড়ক ঘুরে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মু. মুনির হোসেন ও নির্বাহী সদস্য শিল্পপতি একেএম ফারুক আহম্মেদ তালুকদার এবং বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার। আজকের মিছিলে প্রধান স্লোগান ছিল- মুনির-ফারুক ভাই ভাই, বাউফলের মনোনয়ন পরিবর্তন চাই। শহিদুল আলমের মনোনয়ন মানি না, মানবো না; আওয়ামী লীগের মনোনয়ন মানি না, মানবো না। আবদুল জব্বার মৃধা বলেন, আসনটিতে বিএনপির মনোনীত প্রার্থী শহিদুল আলম তালুকদার ১৭ বছর ধরে কোনো আন্দোলন-সংগ্রামে ছিলেন না। তিনি দুর্দিনে কোনো নেতা-কর্মীর খোঁজখবর নেননি। কোনো হামলা-মামলার শিকার হননি। শহিদুল আলম ২০০৮ সালে মামলাসংক্রান্ত জটিলতায় মনোনয়নবঞ্চিত হয়ে দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। এমন ব্যক্তিকে তারা কোনোভাবেই মেনে নেবেন না। তাই প্রার্থী পরিবর্তন করে দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান। এর আগে গত রোববার সন্ধ্যার দিকে এক জরুরি সভায় পটুয়াখালী-২ (বাউফল) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাখ্যানের সিদ্ধান্তের কথা জানায় বাউফল উপজেলা বিএনপি। সভা থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মু. মুনির হোসেনকে দলীয় প্রার্থী করার দাবিও জানানো হয়। পরে নেতা-কর্মীরা মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ ও মশালমিছিল বের করেন। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। চলতি মাসের ৪ ডিসেম্বর রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করেন। এর মধ্যে পটুয়াখালী-২ (বাউফল) আসনের জন্য সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের নাম ঘোষণা করা হয়। শহিদুল আলম জাতীয় পার্টি থেকে ১৯৯৬ সালে বিএনপিতে যোগ দেন। বিএনপির মনোনয়নে ২০০১ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালে বিএনপির মনোনয়ন পেলেও মামলাসংক্রান্ত জটিলতার কারণে অংশ নিতে পারেননি।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।