" />
AmaderBarisal.com Logo

ভোলা-২ আসনে হাফিজ ইব্রাহিমের মনোনয়ন দাখিল


আমাদেরবরিশাল.কম

২৮ December ২০২৫ Sunday ৮:৩৩:০৭ PM

বোরহানউদ্দিন ((ভোলা) প্রতিনিধি:

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনে মনোনয়ন ফরম দাখিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী ও সাবেক এমপি আলহাজ মো. হাফিজ ইব্রাহিম। 

রোববার বেলা সাড়ে ১১টায় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা বিএনপির একটি প্রতিনিধি দল তার পক্ষে মনোনয়ন ফরম দাখিল করে। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার (ইউএনও) মনোরঞ্জন বর্মন এ মনোনয়ন ফরম গ্রহণ করেন।

দীর্ঘদিন পর নির্বাচনমুখী এ আয়োজন ঘিরে নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এর আগে উপজেলা সড়কে হাফিজ ইব্রাহিমের বাসভবন কুড়ালিয়া হাউজে মনোনয়নপত্র দাখিল উপলক্ষে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

দোয়া ও মিলাদ অনুষ্ঠানে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাতে দেশ ও জাতির শান্তি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও নেক হায়াৎ কামনা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে আলহাজ হাফিজ ইব্রাহিমের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। 

একই সঙ্গে ভোলা-২ আসনের মানুষের কল্যাণ ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য দোয়া করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন ভোলার স্বনামধন্য আলেম বাটামারা দরবার শরীফের বর্তমান পিরসাহেব আলহাজ হযরত মাওলানা মো. মহিবুল্যাহ। 

দোয়া মোনাজাত অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন-  বোরহানউদ্দিন উপজেলা বিএনপির উপদেষ্টা আল এমরান খোকন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খাঁন, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মো. আজম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির, নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী আকবর হাওলাদার, দৌলতখান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী ইকবাল হোসেন প্রমুখ।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।