" />
AmaderBarisal.com Logo

পেশায় ব্যবসায়ী মাসুদের বছরে আয় ১০ লাখের বেশি


আমাদেরবরিশাল.কম

১ January ২০২৬ Thursday ৬:৪৭:০৭ PM

অনলাইন নিউজ ডেস্ক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী–২ (বাউফল) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি জেনারেল ড. শফিকুল ইসলাম মাসুদের নামে কোনো বাড়ি, জমি কিংবা অ্যাপার্টমেন্ট নেই। 

পেশায় একজন ব্যবসায়ী ও পরামর্শক হওয়া সত্ত্বেও তার ব্যক্তিগত বা পারিবারিক মালিকানায় কোনো অস্থাবর সম্পত্তি না থাকার তথ্য উঠে এসেছে নির্বাচনি হলফনামা বিশ্লেষণে।

নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা অনুযায়ী, শফিকুল ইসলাম মাসুদের বার্ষিক আয় ১০ লাখ ১২ হাজার ৮৩০ টাকা। সর্বশেষ করবর্ষে তিনি আয়কর পরিশোধ করেছেন ৪৫ হাজার ৪২৫ টাকা। তার মোট ঘোষিত সম্পদের পরিমাণ ৪৪ লাখ ৭৭ হাজার ৯৬৪ টাকা।

হলফনামায় উল্লেখ করা হয়েছে, প্রার্থীর হাতে নগদ অর্থ রয়েছে ৪৩ হাজার ২৫০ টাকা। ব্যাংক আমানতের অংশ হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে তার জমা রয়েছে ১৬ লাখ ২৫ হাজার ২৯৩ টাকা। এছাড়া বন্ড, ঋণপত্র এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয়—এমন বিভিন্ন প্রতিষ্ঠানে তার বিনিয়োগ রয়েছে, যার মোট মূল্য ৩ লাখ ৫ হাজার টাকা।

অন্যদিকে, হলফনামায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, ড. শফিকুল ইসলাম মাসুদের নামে কোনো ধরনের জমি, বাড়ি বা অ্যাপার্টমেন্ট নেই। একইভাবে তার ও পরিবারের মালিকানায় কোনো ব্যক্তিগত গাড়ি বা যানবাহনের কথাও উল্লেখ করা হয়নি।

অস্থাবর সম্পদের তালিকায় তার মালিকানায় রয়েছে ১ লাখ ৩৮ হাজার টাকার বৈদ্যুতিক সামগ্রী এবং ১ লাখ ৪৫ হাজার টাকার আসবাবপত্র। তবে সম্পদের বিপরীতে দায়দেনার হিসাবও রয়েছে। হলফনামা অনুযায়ী, তার পরিবারের মোট ঋণের পরিমাণ ৪ লাখ ৫০ হাজার টাকা।

হলফনামা সূত্রে আরও জানা যায়, ড. শফিকুল ইসলাম মাসুদের স্ত্রী পেশায় একজন চিকিৎসক। সর্বশেষ আয়কর বিবরণী অনুযায়ী, তার স্ত্রীর বার্ষিক আয় ৬ লাখ ৪১ হাজার ৮৭৫ টাকা। স্ত্রীর মোট ঘোষিত সম্পদের পরিমাণ ১২ লাখ ২৩ হাজার ৪৪৩ টাকা।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।