![]() তজুমদ্দিনে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০
৮ January ২০২৬ Thursday ৪:৪৬:২৭ PM
তজুমদ্দিন ((ভোলা) প্রতিনিধি: ![]() ভোলার তজুমদ্দিনে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাস্তবায়নাধীন জিওব্যাগ (বালিভর্তি বিশেষ ব্যাগ) কাজের ভাগাভাগি নিয়ে বিএনপির দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) উপজেলার চাঁচড়া ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন- মো. রিয়াজ উদ্দিন (৪০), মো. সালাউদ্দিন (৫০) ও মো. মিলন পাটওয়ারী (৪৫)। এ ঘটনায় এক পক্ষ তজুমদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। আহত সূত্রে জানা যায়, চাঁচড়া ইউনিয়নে পাউবোর জিওব্যাগের কাজ চলমান রয়েছে। কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ফারিশা।ফারিশা কোম্পানি কাজটি বাস্তবায়নের জন্য লালমোহন উপজেলার ধলীগৌরনগরের বেলাল উদ্দিন নামে এক ব্যক্তির সঙ্গে লিখিত চুক্তি করে। বেলাল উদ্দিন ২০২৫ সালে কাজটি বাস্তবায়নের দায়িত্ব দেন চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুদ্দিনকে। বর্ষাকালে কাজ বন্ধ থাকায় ২০২৬ সালের জানুয়ারি মাসে পুনরায় কাজ শুরু করেন নুরুদ্দিন। কাজ শুরু হওয়ার পর থেকেই চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদার জিওব্যাগে বালু ভরার কাজের ভাগ দাবি করে আসছিলেন।কাজের ভাগ না দেওয়াকে কেন্দ্র করে বুধবার রাতে মঙ্গল সিকদার বাজারে চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক নুরুদ্দিনের পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে তিনজনকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত মিলন পাটওয়ারী বাদী হয়ে তজুমদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান। মিলন পাটওয়ারী বলেন, বস্তার কাজ চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুদ্দিন একাই বাস্তবায়ন করছিলেন।সেখানে সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদার কাজের ভাগ চাইলে তা না দেওয়ায় দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। তিনি আরও বলেন, নিজেকে ইব্রাহিম হাওলাদারের সমর্থক মনে করে নুরুদ্দিনের লোকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন। অন্যদিকে চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুদ্দিন বলেন, মঙ্গল সিকদার বাজারে ফেরদাউস নামে এক ব্যক্তির সঙ্গে ইব্রাহিম হাওলাদারের লোকজনের মারামারি হয়। ওই ঘটনায় তার ইন্ধন আছে -এমন অভিযোগ তুলে ইব্রাহিম হাওলাদারের লোকজন তার লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তার ভাই রিয়াজ উদ্দিন ও চাচাতো ভাই সালাউদ্দিনসহ কয়েকজন নেতাকর্মী আহত হন। চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদারের ব্যবহৃত নম্বরে বারবার ফোন করা হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া যায়নি। এ বিষয়ে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত সুশান্ত বলেন, মারামারির ঘটনায় এক পক্ষ রাতেই একটি লিখিত অভিযোগ দিয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোনো পক্ষ আইনি সহায়তা চাইলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

