" />
AmaderBarisal.com Logo

বাউফলে জামায়াতের প্রোগ্রামে ছাত্রদলের হামলায় আহত ৫


আমাদেরবরিশাল.কম

৯ January ২০২৬ Friday ১১:১৬:৪৭ AM

অনলাইন নিউজ ডেস্ক:

পটুয়াখালীর বাউফল উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জামায়াতে ইসলামীর প্রোগ্রাম চলাকালে ছাত্রদলের হামলার ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার নদীবেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৭৭ নম্বর চরওয়াডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- জামায়াতে ইসলামীর যুব সংগঠনের নেতা সুজন খান (২৫), জামায়াত কর্মী রাকিব হাসান, আব্দুল বারেক মাঝি এবং ছাত্রদলের দুই নেতা সাইদুল ইসলাম (২৩) ও জহিরুল ইসলাম সোহাগ (২২)।

প্রত্যক্ষদর্শী ও জামায়াত নেতাদের দাবি, বিদ্যালয়ের একটি কক্ষে দলীয় সাংগঠনিক প্রোগ্রাম চলাকালে হঠাৎ ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী সেখানে প্রবেশ করে বাধা দেন। একপর্যায়ে ছাত্রদলের প্রায় ২৫–৩০ জন কর্মী লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে জামায়াতের কর্মী-সমর্থকরা আহত হন।

তবে ছাত্রদল নেতাদের অভিযোগ, শিক্ষা প্রতিষ্ঠানে বিনা অনুমতিতে রাজনৈতিক প্রোগ্রাম আয়োজন করা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। এ বিষয়ে জানতে চাইলে জামায়াত কর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ছাত্রদলের দুই নেতা আহত হন।

ঘটনার সময় ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, বিদ্যালয়ের কক্ষে বৈঠক চলাকালে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

এ বিষয়ে বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। তবে এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।