" />
AmaderBarisal.com Logo

পটুয়াখালীর চার আসনে পাঁচ জনের প্রার্থীতা প্রত্যাহার, ভোটের মাঠে চূড়ান্ত ১৯ জন


আমাদেরবরিশাল.কম

২১ January ২০২৬ Wednesday ১২:৩১:০৫ AM

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চারটি সংসদীয় আসনে প্রার্থীতা প্রত্যাহারের প্রক্রিয়া শেষ হয়েছে। শেষ দিনে পাঁচজন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করায় জেলায় মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. শহীদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী এ তালিকা প্রকাশ করা হয়।

প্রকাশিত তথ্যে দেখা যায়, পটুয়াখালী-১ আসনে বাংলাদেশ জামাতে ইসলামী থেকে মনোনীত প্রার্থী নাজমুল আহসান ও খেলাফত মজলিস থেকে মনোনীত প্রার্থী মোঃ সাইদুর রহমান মনোনয়ন প্রত্যাহার করায় প্রতিদ্বন্দ্বিতা আরও পরিষ্কার হয়েছে। বর্তমানে এ আসনে বিএনপি মনোনীত আলতাফ হোসেন চৌধুরী এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট মনোনীত এবি পার্টির মোহাম্মদ আব্দুল ওহাব মিনাকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ফিরোজ আলম, জাসদের গৌতম চন্দ্র শীল ও জাতীয় পার্টির আ. মন্নান হাওলাদার প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

পটুয়াখালী-২ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মোহাম্মদ আইয়ুব মনোনয়ন প্রত্যাহার করায় বর্তমানে পাঁচজন প্রার্থী মাঠে রয়েছেন। এখানে জামায়াতে ইসলামীর মো. শফিকুল ইসলাম মাসুদ ও বিএনপি মনোনীত মো. সহিদুল আলম তালুকদার এগিয়ে রয়েছেন বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে। পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশের মালেক হোসেন, গণঅধিকার পরিষদের মো. হাবিবুর রহমান এবং এবি পার্টির মো. রুহুল আমিন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

একইভাবে পটুয়াখালী-৩ আসনে গণধিকার পরিষদের মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম ফাহিম প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। এ আসনে গণঅধিকার পরিষদ মনোনীত ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুর, জামায়াতে ইসলামীর মুহম্মদ শাহ আলম এবং স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুন শক্ত অবস্থানে রয়েছেন।এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু বক্কর ছিদ্দিকী ও স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান বাবু নির্বাচনী মাঠে রয়েছেন।

পটুয়াখালী-৪ আসনে বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ আব্দুল কাইয়ুম মনোনয়ন প্রত্যাহারের পর বর্তমানে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে বিএনপি মনোনীত এ বি এম মোশাররফ হোসেন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান এগিয়ে রয়েছেন। পাশাপাশি বাংলাদেশ খেলাফত মজলিশের ডা. জহির উদ্দিন আহমেদ এবং গণঅধিকার পরিষদের মো. রবিউল হাসানও ভোটের মাঠে রয়েছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রার্থীতা প্রত্যাহারের আনুষ্ঠানিকতা শেষ হওয়ায় এখন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও আগামীকাল প্রতীক বরাদ্দের প্রস্তুতি চলছে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।