![]() এমপি হলে এলাকা ছাড়া করার হুমকি বিএনপি প্রার্থীর
২৬ January ২০২৬ Monday ৭:২০:৫৮ PM
আমাদের বরিশাল ডেস্ক: ![]() ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শহীদুল আলম তালুকদার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ‘রাজাকার’ আখ্যা দিয়েছেন এবং নির্বাচনে বিজয়ী হলে কিছু ব্যক্তিকে এলাকা ছাড়তে বাধ্য করার হুঁশিয়ারি দিয়েছেন। রোববার (২৫ জানুয়ারি) রাত ৯টার দিকে বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের হাজিরহাট বন্দর এলাকায় নির্বাচনী অফিস উদ্বোধন ও ধানের শীষের পক্ষে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। শহীদুল আলম মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে বলেন, রাজাকাররা পাকিস্তানের পক্ষে কাজ করেছে, দেশের মা-বোনদের সম্মানহানি করেছে এবং লাখো মানুষ হত্যার সঙ্গে জড়িত ছিল। তিনি বলেন, এই ধরনের প্রার্থীদের ভোট দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। ভোট প্রার্থনা করে তিনি বলেন, তার ভোট চাওয়া ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, বরং জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তিনি এমপি নির্বাচিত হলে কিছু মানুষকে সঙ্গে সঙ্গে বাউফল ছাড়তে হবে এবং নির্বাচনের পরদিনই কিছু লোক এলাকায় থাকবে না। বয়সের প্রসঙ্গ টেনে শহীদুল আলম বলেন, একজন বয়স্ক মানুষ হিসেবে তাকে এখন একজন ‘নব্য রাজাকারের’ সঙ্গে লড়াই করতে হচ্ছে। তিনি বলেন, যারা ভালো কাজ করে, তারা যে দলই করুক বন্ধু ও ভাই হিসেবে গ্রহণযোগ্য।অন্যদিকে যারা দেশের ক্ষতি করবে, তাদের বিরুদ্ধে তিনি কঠোর অবস্থান নেবেন বলে জানান। সভায় জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই আসনে শহীদুল আলমের প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

