" />
AmaderBarisal.com Logo

ডাকসু নিয়ে কটূক্তি করা সেই জামায়াত নেতার পদ স্থগিত, দায়িত্ব থেকে অব্যাহতি


আমাদেরবরিশাল.কম

২৭ January ২০২৬ Tuesday ২:০৩:৩৩ PM

বরগুনা প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিয়ে অশালীন মন্তব্য করায় বরগুনা জেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মো. শামীম আহসানে দলীয় প্রাথমিক পদসহ সব পদ স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে বরগুনা জেলা জামায়াতে ইসলামী এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।


এছাড়া মো. শামীম আহসানকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলেও ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে।


বরগুনা জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মুহিবুল্লাহ হারুন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, ‘আপনাকে এই মর্মে অবহিত করা যাচ্ছে যে, গত ২৫ তারিখ পাথরঘাটায় দেয়া এক জনসভায় বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে বেফাঁস মন্তব্য করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীগণসহ দেশের সব শ্রেণিপেশার মানুষ মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছেন। আপনার এহেন বেফাঁস মন্তব্যের কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং এ ধরনের বক্তব্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শের পরিপন্থি।’

‘সংগঠনের নীতি ও আদর্শ বিরোধী এহেন কর্মকাণ্ডের জন্য জেলা কর্ম পরিষদের সিদ্ধান্ত ক্রমে আপনার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) পদ স্থগিত করা হলো এবং জেলা সহকারী সেক্রেটারির দায়িত্বসহ সংগঠনের সব প্রকার দায় দায়িত্ব থেকে আপনাকে অব্যাহতি দেয়া হলো।’



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।