" />
AmaderBarisal.com Logo

পটুয়াখালীতে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী


আমাদেরবরিশাল.কম

২ February ২০২৬ Monday ২:৪৫:৪৭ PM

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবসরপ্রাপ্ত) আলতাফ হোসেন চৌধুরীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিম।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে আলতাফ হোসেন চৌধুরীর বাসভবন ‘সুরাইয়া ভিলা’র সামনে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম ফাহিম বলেন, পটুয়াখালী-১ আসনের সামগ্রিক উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে ধানের শীষের প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর প্রতি তিনি পূর্ণ সমর্থন জানিয়েছেন। পটুয়াখালীর মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

তিনি আরও বলেন, এটি কোনো একক নির্বাচনী কৌশল নয়; বরং পটুয়াখালীর মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা ও রাজনৈতিক ঐক্যের বহিঃপ্রকাশ। এখন থেকে বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা একটি শক্তিশালী টিম হিসেবে ধানের শীষের পক্ষে মাঠে কাজ করবেন।

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পর গণঅধিকার পরিষদের প্রার্থী শহিদুল ইসলাম ফাহিমকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান বিএনপি মনোনীত প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী। একই সঙ্গে তিনি তার রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের মঙ্গল কামনা করেন।

এ সময় জেলা বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।