![]() নুরের বিরুদ্ধে হাসান মামুনের নির্বাচনি অফিসে হামলা ভাঙচুরের অভিযোগ
২ February ২০২৬ Monday ৮:০৭:৩৬ PM
দশমিনা ((পটুয়াখালী) প্রতিনিধি: ![]() ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলে ধরে সংবাদ সম্মেলন করেছে পটুয়াখালীর দশমিনা উপজেলা বিএনপির বিলুপ্ত কমিটির নেতারা। তার বিরুদ্ধে কালো টাকার প্রভাব বিস্তার, অর্থ দিয়ে ভোট কেনা, স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের নির্বাচনি অফিসে হামলা ভাঙচুর ও ভোটারদের ভোট কেন্দ্রে না যাওয়ার হুমকি প্রদানের অভিযোগে এ সংবাদ সম্মেলন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা সদরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল আলীম তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম, সাবেক সহ-সভাপতি মো. মোফাজ্জেল হোসেন, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুজ্জামান বাদল, সাবেক সহসভাপতি রুহুল আমিন মোল্লা, সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান জোমাদ্দার, সাবেক সাংগঠনিক সম্পাদক বেল্লাল মৃধাসহ অনেকে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল আলীম তালুকদার বলেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করা হাসান মামুন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসন (গলাচিপা-দশমিনা) থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। দশমিনা-গলাচিপা উপজেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের দাবির মুখে তিনি নির্বাচনে অংশ নেন। নির্বাচনে তিনি ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন; কিন্তু পটুয়াখালী-৩ আসন থেকে সংসদ নির্বাচনে অংশ নেওয়া গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বিএনপির আসন সমঝোতার প্রার্থী হওয়ার পর থেকেই বিএনপির নেতাকর্মীদের বিভিন্নভাবে ভয়ভীতি ও অসংলগ্ন বক্তব্য দিয়ে আসছেন। সংবাদ সম্মেলনে বিএনপি নেতা দাবি করেন, নুর অবৈধভাবে অর্জিত কালো টাকা দিয়ে নির্বাচন প্রভাবিত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে বিএনপির কিছু নীতিনৈতিকতাহীন ব্যক্তিকে নুর কালো টাকা দিয়ে প্রভাবিত করতে সক্ষম হয়েছেন এবং নির্বাচনের পরিবেশ অশান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিএনপি নেতা আবদুল আলীম তালুকদার বলেন, নুরুল হক নুর গ্রামগঞ্জের নিরীহ অসহায় মানুষকে টাকা দিয়ে তাদের ভোট কেনার অপচেষ্টা করছেন। নুরের লোকজন অপচেষ্টার ফাঁদে না ফেলতে পেরে সাধারণ মানুষকে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি ধমকি প্রদান করছেন। ইতোমধ্যে নুরুল হক নুর বলে বেড়াচ্ছেন- ‘এমপি হয়ে গিয়েছি। শুধুমাত্র ১২ তারিখের অপেক্ষা মাত্র’। বিএনপি নেতা বলেন, গণঅধিকারের প্রার্থী নুরুল হক নুর তার নির্বাচনি ব্যানার, ফেস্টুন, লিফলেটে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছবি ব্যবহার করছেন, যা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন। এছাড়া নুর বিভিন্ন জায়গায়, বিশেষ করে দশমিনা উপজেলা পরিষদের সামনে রঙিন বিলবোর্ড লাগিয়ে দিয়েছেন, যা নির্বাচনি আচরণ পরিপন্থি। নির্বাচন কাজ সংশ্লিষ্ট প্রশাসনের সামনে এ ধরনের ঘটনাগুলো ঘটতে থাকলেও নুরের বিরুদ্ধে আমরা কোনো আইনি ব্যবস্থা নিতে দেখছি না। লিখিত বক্তব্যে বিএনপির এই সাবেক নেতা বলেন, নুরুল হক নুরের স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক হওয়া সত্ত্বেও তিনি তার স্বামীর ট্রাক মার্কার পক্ষে প্রচারণা চালাচ্ছেন। প্রশাসনের নাকের ডগায় এ ঘটনাগুলো অনবরত ঘটতে থাকলেও এখন পর্যন্ত নুরুল হক নুরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল আলীম তালুকদার বলেন, নুরুল হক নুরের সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের নির্বাচনি অফিস ভাঙচুর ও কর্মী সমর্থকদের পিটিয়ে আহত করা হয়েছে। অভিযোগের বিষয়ে নুরুল হক নুর বলেন, জোটের প্রার্থী হিসেবে আমরা তারেক রহমানের ছবি ব্যবহার করতে পারি; তারা পারেন না। নুর বলেন, যারা অস্বাভাবিক কথা বলছে (সংবাদ সম্মেলন করা নেতারা) তাদের মানসিক চিকিৎসা দরকার। হাসান মামুন নির্বাচন বানচাল করার জন্য এগুলো করাচ্ছেন। হাসান মামুন নির্বাচনি পরিবেশ নষ্ট করার জন্য নির্বাচন করছেন। তিনি ভালো মানুষ হলে দলীয় সিদ্ধান্ত মেনে নির্বাচন করতেন না। নুর বলেন, তিনি নিয়ম মেনেই রঙিন বিলবোর্ড করেছেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

