" />
AmaderBarisal.com Logo

ভোলায় ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ভাঙচুর


আমাদেরবরিশাল.কম

২ February ২০২৬ Monday ৯:৩৪:১৪ PM

ভোলা প্রতিনিধি:

ভোলার একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ সাবিহা আক্তার নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ স্বজনরা ওই হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ভোলা সদর রোডের হাবিব মেডিকেল সেন্টারে এক নার্স ভুল ইনজেকশন পুশ করায় এই মৃত্যুর ঘটনা ঘটে। এ সময় বিক্ষব্ধদের তোপের মুখে আত্মগোপনে চলে যায় কর্তৃপক্ষ। পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


সাবিহা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের মহাজনের পুলে এলাকার বাসিন্দা মো. নাহিদের স্ত্রী ও ধনিয়া ইউনিয়নের তুলাতুলি এলাকার মো. আবুল কালামের মেয়ে।


নিহতের স্বামী মো. নাহিদ জানান, তার নয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সাবিহা আক্তারকে সোমবার দুপুর ১২টায় সদর রোডের হাবিব মেডিকেল সেন্টারে ডাক্তার দেখাতে যান। বাড়ি থেকে পায়ে হেঁটে হাসপাতাল এসেছিলেন সাবিহা। প্রাথমিক পরীক্ষা শেষে নরমাল ডেলিভারির কথা বলে কর্তৃপক্ষ। ওই হাসপাতালের স্টাফ পলি রোগীকে সেখানে ভর্তি করতে বাধ্য করেন।

কিছুক্ষণপর এক নার্স রোগীর শরীরে প্রসব ব্যথার জন্য ইনজেকশন পুশ করেন। ইনজেকশন দেয়ার কয়েক মিনিটের মধ্যে শ্বাসকষ্ট বেড়ে নিস্তেজ হয়ে মারা যান রোগী। এ সময় পৃথিবীর আলো দেখার আগেই মায়ের গর্ভেই মৃত্যু হয় সন্তানের।


ঘটনার পর সটকে পড়েন নার্সসহ হাসপাতাল কর্তৃপক্ষ। ভুল ইনজেকশন পুশ করার কারণে মৃত্যু হয়েছে বলে দাবি স্বজনদের।


এ দিকে এমন মৃত্যু মেনে নিতে না পেরে হাসপাতালের মধ্যে ব্যাপক ভাঙচুর চালান বিক্ষুব্ধ স্বজনরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও নৌবাহিনী। দীর্ঘ চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম জানান, ময়নাতদন্তে নিহতদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত নার্সকে আটকের চেষ্টা চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেয়া হবে।


ভোলার সিভিল সার্জন ডা. মুহা. মনিরুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কী ইনজেকশন দিয়েছে তা দেখতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ দেখাতে পারেননি। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। গাফিলতি পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।
 



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।