![]() বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা মাসুমা হাদির
৭ February ২০২৬ Saturday ৮:৪৯:০৪ PM
ঝালকাঠি প্রতিনিধি: ![]() ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তার বোন মাসুমা হাদি। শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঝালকাঠির নলছিটিতে ওসমান হাদির জন্মভূমিতে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে এসব কথা বলেন তিনি। মাসুমা হাদি অভিযোগ করে বলেন, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়েছে। দেয়ালে পিঠ ঠেকে গেলে যমুনার সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করতে যায় তারা। সেখানে পুলিশ ন্যক্কারজনক হামলা চালায়। নির্বাচনের আগে যদি প্রশাসনের অবস্থা এমন থাকে, তাহলে সেই প্রশাসনের মাধ্যমে কীভাবে সুষ্ঠু নির্বাচন হবে। এ নিয়ে জনগণের মধ্যে উদ্বেগ রয়েছে। তিনি আরও বলেন, ওসমান হাদি হত্যার বিচার এই বাংলার মাটিতেই করতে হবে। এ সময় বক্তারা ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহায়তা কামনা করেন। জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত করার দাবিতে এবং জড়িতদের বিচারের দাবিতে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা রাজধানীর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করেন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকার সামনে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করলে বেশ কয়েকজন আহত হন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

