" />
AmaderBarisal.com Logo

‘পাল্টা জবাব হলে কেউ দায়ী থাকবে না’-ফেসবুকে বরগুনা ২ এর জামায়াত প্রার্থী


আমাদেরবরিশাল.কম

১০ February ২০২৬ Tuesday ১:৫৭:৪৫ PM

বেতাগী ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনা-২ (বেতাগী, বামনা ও পাথরঘাটা) আসনে ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. সুলতান আহমদ তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে প্রশাসনকে উদ্দেশ্য করে লিখেছেন,  ‘প্রশাসনকে জানিয়ে দিতে চাই, পাথরঘাটায় মোড়ে মোড়ে আমাদের লোকদের আটকে দেওয়া হচ্ছে। বামনায় হুমকি দেওয়া হচ্ছে। পাল্টা জবাব হলে কিন্তু কেউ দায়ী থাকবে না। ধৈর্যেরও একটা সীমা আছে।’

জানা যায়, সোমবার পাথরঘাটা উপজেলায় কে এম মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ১১ দলীয় নির্বাচনি ঐক্যজোটের নির্বাচনি সমাবেশকে কেন্দ্র করে একের পর এক বাধার মুখে পড়েন জামায়াতের নেতাকর্মীরা। একাধিক স্থানে সহিংসতার ঘটনা ঘটে। সহিংসতায় দুর্বৃত্তদের হামলার শিকার হন বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু, যিনি পাথরঘাটায় জামায়াত ইসলামের আয়োজিত সমাবেশে যোগ দিতে গিয়েছিলেন।

জামায়াত প্রার্থীর নির্বাচন পরিচালনাকারী কমিটি জানায়, হামলায় গুরুতর আহত হন সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু। তারপরও ভাঙা পা নিয়ে তিনি সমাবেশে আসেন।     

সূত্র জানায়, সোমবার বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত আমাদের ৪৭টি স্থানে বাধা, হামলা এমনকি সহিংসতার শিকার হতে হয়েছে। এ ঘটনায় পাথরঘাটা থানায় মামলার প্রস্তুতি চলছে। একই সঙ্গে পাথরঘাটা ও বেতাগী উপজেলায় বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা। প্রশাসন থেকে যদি সুষ্ঠু তদন্তমূলক আইনানুগ ব্যবস্থা না নেওয়া হয়, তবে আমরা আরও কঠোর অবস্থানে যেতে বাধ্য হবো।

আসনটিতে নির্বাচনি প্রচারণার শেষ মুহূর্তে শুরুর বাকযুদ্ধ রূপ নিয়েছে সহিংসতায়। এসব ঘটনায় আগামী ১২ তারিখের ভোটের দিনের নিরাপত্তাই এই আসনের প্রধান শঙ্কা হয়ে দাঁড়িয়েছে—এমনটাই বলছেন ওই আসনের একাধিক সাধারণ ভোটার। জামায়াতের প্রার্থী সুলতান আহমদ তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একের পর এক সহিংসতা ও হয়রানির শিকার হচ্ছেন—এমন স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন, যা চায়ের টেবিল থেকে ওই আসনের রাজনৈতিক মহলে ‘টক অব দ্য টাউন’-এ পরিণত হয়েছে। 



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।