" />
AmaderBarisal.com Logo

মেহেন্দিগঞ্জে জামায়াতের নেতাকর্মীদের ওপর বিএনপির হামলার অভিযোগ


আমাদেরবরিশাল.কম

১০ February ২০২৬ Tuesday ৭:২২:২২ PM

মেহেন্দিগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের মেহেন্দিগঞ্জে নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে বিএনপির নেতাকর্মীদের হামলায় জামায়াতে ইসলামীর অন্তত ছয়জন নেতাকর্মী আহত হওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার আন্দারমানিক ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব আন্ধারমানিক (কলকুঠি) মাদরাসার সামনের সড়কে এ ঘটনা ঘটে।

হামলার সময় জামায়াত নেতাকর্মীদের ৫-৬টি মোটরসাইকেল ভাঙচুর করে পার্শ্ববর্তী খালে ফেলে দেয়া হয় বলে অভিযোগ উঠেছে। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।

আহতদের মধ্যে কাজিরহাট থানা জামায়াতের যুব বিভাগের সভাপতি ডা. শাহেদুল ইসলাম, শিবিরকর্মী লিটন কাজী, মহিবুল্লাহ ও আলাউদ্দিনের নাম জানা গেছে। তাদের পাশের হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আন্দারমানিক ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. শহিদুল ইসলাম বলেন, ‘প্রচারণার শেষ দিনে কলকুঠি মাদরাসার সামনে দিয়ে মিছিল নিয়ে যাওয়ার সময় স্থানীয় বিএনপির ২৫-৩০ জন নেতাকর্মী আমাদের বাধা দেয়। তারা স্লোগান দিতে নিষেধ করে। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে লাঠিসোটা নিয়ে তারা আমাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে আমাদের অবরুদ্ধ করে রাখা হয় এবং মোটরসাইকেল ভাঙচুর করে খালে ফেলে দেয়।’

এ বিষয়ে অভিযুক্ত ইউনিয়ন বিএনপির একাধিক নেতার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীউল হাসান বলেন, ‘হামলার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে সেনাবাহিনীর সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি।’

উল্লেখ্য, এর আগে গত ২ ফেব্রুয়ারি একই এলাকায় ওই ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে জামায়াতের নারী কর্মীদের ওপর হামলার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছিল।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।