![]() ভিপি নুরের বিরুদ্ধে একাধিক অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর
১১ February ২০২৬ Wednesday ২:২৪:২৮ PM
দশমিনা ((পটুয়াখালী) প্রতিনিধি: ![]() ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনে ট্রাক প্রতীকের প্রার্থী, গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে দশমিনা উপজেলার সদর ইউনিয়নের নলখোলা নির্বাচনী কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে দশমিনা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটি। এতে লিখিত বক্তব্য পাঠ করেন স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুন। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, ট্রাক প্রতীকের প্রার্থী ও তার সমর্থকরা ভোটারদের মধ্যে কালো টাকা বিতরণ করছেন, বিভিন্নভাবে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছেন এবং হ্যান্ডমাইক ব্যবহার করে বেআইনি মিছিল করছেন। তিনি আরও অভিযোগ করেন, নিজেদের নির্বাচনী অফিস ও কর্মীদের বাসগৃহে নিজেরাই অগ্নিসংযোগ করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। হাসান মামুন বলেন, অবৈধভাবে ব্যালট পেপার ছাপিয়ে জাল ভোট দেওয়ার পাশাপাশি সমগ্র নির্বাচনী এলাকার বিভিন্ন ভোটকেন্দ্র দখলের আশঙ্কা রয়েছে। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, তার নেতাকর্মীদের বিরুদ্ধে যেসব মামলা করা হয়েছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। সঠিক তদন্ত হলে এসব মামলা মিথ্যা প্রমাণিত হবে এবং নেতাকর্মীরা অব্যাহতি পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, ‘আপনারা সবাই ধৈর্য ধারণ করুন। বিজয় আমাদের সুনিশ্চিত এবং খুব কাছাকাছি। সকল ভয়ভীতি উপেক্ষা করে আগামী ১২ তারিখ ভোটকেন্দ্রে গিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিন।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দশমিনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুল আলীম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব ফকরুজ্জামান বাদল, সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম ওহাব চৌধুরি, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পঞ্চায়েত, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক রতন এবং দশমিনা সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রুহুল আমিন মোল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

