ভোলার ১৩১ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, নিরাপত্তায় থাকছে জলযান-হেলিকপ্টার
আমাদেরবরিশাল.কম
১১ February ২০২৬ Wednesday ৩:০৭:২১ PM
ভোলা প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দ্বীপজেলা ভোলার চারটি আসনের ১৩১টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র; যার মধ্যে ৪৩টি কেন্দ্র দর্গম চরাঞ্চলে।
ঝুঁকিপূর্ণ এসব কেন্দ্রের জন্য নেয়া হয়েছে সমন্বিত কঠোর পদক্ষেপ। আগে থেকেই থাকছে নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশের বিশেষ নজরদারি। জরুরি অবস্থা মোকাবিলার জন্য দ্রুতগামী নৌযানের পাশাপাশি হেলিকপ্টারের ব্যবস্থা রাখা হয়েছে।
জানা গেছে, আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনের পূর্ববর্তী পরিস্থিতি সুষ্ঠুভাবে সম্পন্ন করেছে। এবার নির্বাচনে ভোটের পরিস্থিতি (ভোটের দিন) নিয়ন্ত্রণে সর্বশক্তি নিয়ে মাঠে রয়েছে তারা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয়দের তথ্য মতে, ঝুঁকিপূর্ণ এসব কেন্দ্রে ভোট চলার সময় রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষ, আচরণবিধি লঙ্ঘন, ভাঙচুর, সংঘর্ষ, কেন্দ্র দখলের চেষ্টা ও মব সৃষ্টির মতো পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা রয়েছে। এসব বিষয়গুলোর গুরুত্ব দিয়ে মোকাবেলার প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
ভোলার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ডা. শামীম রহমান জানান, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলার যে বিষয়গুলো আছে সেগুলো নির্বাচনে নিয়োজিত সব বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্লান তৈরি করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ও দুর্গম চরাঞ্চলের কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে। কয়েক স্তরের নিরাপত্তার পাশাপাশি স্টাইকিং ফোর্স, পুলিশের মোবাইল টিম, নৌবাহিনী, বিজিবি, র্যাব, কোস্টগার্ডসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো নিয়ে আমাদের আলাদা প্লান রয়েছে।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার দফতরের তথ্য অনুযায়ী, জেলার চারটি আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৫২৫টি। এর মধ্যে ১৩১ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে ৪৩টি কেন্দ্র দুর্গম চরাঞ্চলে অবস্থিত। ভোলা-১ আসনের ১১৪টি কেন্দ্রর মধ্যে ঝুঁকিপূর্ণ ২২টি, ভোলা-২ আসনে ১৩৮টি কেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ, ভোলা-৩ আসনে ১১৯টি কেন্দ্রের মধ্যে ৫০টি ঝুঁকিপূর্ণ ও ভোলা-৪ আসনে ১৫৪টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ২৭টি।
তজুমদ্দিন উপজেলার ৩৬টি কেন্দ্রের সবগুলোকে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। দুর্গম চরাঞ্চলের কেন্দ্রগুলোর মধ্যে ভোলা-১ আসনে ১২টি, ভোলা-২ আসনে দুটি, ভোলা-৩ আসনে ১৭টি ও ভোলা-৪ আসনে ১২টি।
ভোলা-২ আসনের দৌলতখান উপজেলার মূলভূখণ্ড থেকে বিচ্ছিন্ন মদনপুর ইউনিয়নের বাসিন্দা মো. আকতার হোসেন ও বশির আহাম্মদ জানান, তাদের ইউনিয়নটি মূলভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ায় বিগত নির্বাচনের সময় চরের মানুষ অনেকটা আতঙ্কিত ও অনিশ্চতার মধ্যে দিন পার করতেন। তবে এবার ভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী অনেকটা তৎপর রয়েছে এবং ভোটারদের অভয় দিলেও চরের মানুষের মধ্যে ভোট নিয়ে এখনো ভয় কাজ করছে।
সম্প্রতি ভোলা পরিদর্শনে এসে কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক বলেন, ‘জেলার চরাঞ্চল ও নদী বিচ্ছিন্ন এলাকায় অবস্থিত ভোটকেন্দ্র সমূহে কোস্ট গার্ড সদস্যরা বিশেষ গোয়েন্দা ও ড্রোন নজরদারি, নিয়মিত টহল এবং অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে যৌথ টহল পরিচালনা করছে। একইসঙ্গে অস্ত্র উদ্ধার অভিযান এবং দুষ্কৃতিকারী আটকের মাধ্যমে একটি উৎসবমুখর ও নিরাপদ ভোটের পরিবেশ সৃষ্টিতে কোস্ট গার্ড সর্বাত্মক প্রচেষ্টা চালানোর কথা জানান মো. জিয়াউল হক।
গত ৮ ফেব্রুয়ারি নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান ভোলা সফরকালে জানান, দুর্গম চরাঞ্চলের জন্য নৌবাহিনীর নিজস্ব জলযান মোতায়েন রয়েছে। দুর্গম অঞ্চলে জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য বাংলাদেশ বিমান বাহিনী আমাদের সহায়তা করতে তাদের হেলিকপ্টার প্রস্তুত রেখেছে। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলা করতে নির্বাচনের দিন ও পরবর্তী দুই-তিন দিন নৌবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।