" />
AmaderBarisal.com Logo

বরিশালের একটি ভোটকেন্দ্রে চার সহকারী প্রিজাইডিং অফিসারকে অব্যাহতি


আমাদেরবরিশাল.কম

১২ February ২০২৬ Thursday ১০:৫৮:১৪ AM

বরিশাল-৩ (বাবুগঞ্জ) আসনের বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বারকানি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের চারজন সহকারী প্রিজাইডিং অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে স্থানীয়রা তাদের আটক করে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের হেফাজতে নিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি দেন।

অব্যাহতি পাওয়া চার সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হলেন—মো. সাব্বির হোসেন, মোহাম্মদ কবির হোসেন, মোহাম্মদ সাখাওয়াত হোসেন ও হাবিবুর রহমান।

কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা ও বাবুগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোহা. আব্দুর রউফ বলেন, ওই চার কর্মকর্তা তার অনুমতি ছাড়াই রাতের বেলায় কেন্দ্র ত্যাগ করেন। পরে স্থানীয়রা তাদের আটক করে প্রশাসনকে খবর দেয়। প্রশাসন তাদের জিম্মায় নিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা বলেন, দায়িত্বে থাকা অবস্থায় প্রিজাইডিং অফিসারের অনুমতি ছাড়া কেন্দ্রের বাইরে গিয়ে অন্যত্র অবস্থান করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।স্থানীয়দের মাধ্যমে আটক হওয়ার পর প্রশাসন তাদের হেফাজতে নেয় এবং সংশ্লিষ্ট কেন্দ্র থেকে অব্যাহতি দেয়। ইতিমধ্যে ওই কেন্দ্রে নতুন চারজন সহকারী প্রিজাইডিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।

তবে স্থানীয় বাসিন্দা মো. শিপন ও আবদুস সালাম দাবি করেন, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. রাসেদ বেপারীর বাড়িতে বৈঠক চলাকালে ওই চার কর্মকর্তাকে আটক করা হয়। পরে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসন জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।