" />
AmaderBarisal.com Logo

ভোট দিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির


আমাদেরবরিশাল.কম

১২ February ২০২৬ Thursday ১১:৩১:২০ AM

আমাদের বরিশাল ডেস্ক:

চরমোনাইর পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ভোট দিয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে বরিশালের চরমোনাই ইউনিয়ন মাধ‍্যামিক বিদ‍্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন। 

বরিশাল জেলার ছয়টি আসনে কঠোর নিরাপত্তা বলয়ে উৎসবমুখর শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ।

সকাল সাড়ে ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, যা চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা নয় ঘণ্টা। একই সময় জুড়ে চলবে গণভোটও।

নগরীর একাধিক ভোট কেন্দ্রে দেখা গেছে, সকাল থেকে নিজ নিজ এলাকার ভোটাররা ভোট কেন্দ্রগুলোতে উপস্থিত হতে শুরু করেন। প্রতিটি ভোট কেন্দ্রে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতিও ছিল চোখে পড়ার মত। দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোট কেন্দ্রের পরিবেশ শৃঙ্খলা সুষ্ঠু রাখতে কাজ করছেন। ভোটারদের নানাভাবে সহযোগিতা করছেন।

বরিশাল জেলা পুলিশের অধীনে সাধারণ কেন্দ্রে দুইজন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে তিনজন করে পুলিশ সদস্য নিয়োজিত রয়েছেন। জেলায় সর্বমোট ১ হাজার ৩৮২ জন পুলিশ সদস্যর পাশাপাশি ৯৯টি মোবাইল টিম এবং ১২টি স্ট্রাইকিং টিম কাজ করছে। বরিশাল জেলার প্রতি উপজেলায় গড়ে ১০০ জন ও মেট্রোপলিটন এলাকায় ৪০০ জন করে সেনা সদস্য অবস্থান করছেন। এছাড়া প্রতি দুই থেকে তিনটি ইউনিয়নের জন্য একটি করে সেনা পেট্রল টিম কাজ করছে। পাশাপাশি বিজিবির ১৪ প্লাটুন সদস্য জেলার বিভিন্নস্থানে মোতায়েন করা হয়েছে। এর মধ্যে বরিশাল সদরে পাঁচ প্লাটুন ও বাকি নয়টি উপজেলায় নয় প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। র‌্যাবের পক্ষ থেকে ছয়টি বিশেষ পেট্রল টিম সার্বক্ষণিক টহলে রয়েছে।

বরিশাল জেলার হিজলা, মেহেন্দিগঞ্জ, বাবুগঞ্জ উপজেলাকে দুর্গম ঘোষণা করা হয়েছে। তাই নদীবেষ্টিত অঞ্চল হওয়ায় বরিশালের জলপথেও কড়া নজরদারি রাখা হয়েছে। নৌবাহিনীর পক্ষ থেকে জেলার নদীপথগুলোতে অবস্থান করছে জাহাজ ‘বানৌজা সালাম’। যেখানে ৬০ জন কর্মকর্তা ও নাবিক দায়িত্ব পালন করছেন। এছাড়া মেহেন্দিগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নে কোস্টগার্ডের দেড় শতাধিক সদস্য নিয়োজিত রয়েছেন। নদী এলাকার আটটি ভোটকেন্দ্রের সুরক্ষায় নৌপুলিশও দায়িত্ব পালন করছেন। এছাড়া সিসিটিভির আওতায় রাখা হয়েছে ভোটকেন্দ্রগুলোকে।

বরিশাল জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বরিশাল জেলার ছয়টি আসনের মধ্যে বরিশাল-১ আসনে মোট ভোট কেন্দ্র ১২৯টি। এরমধ্যে সাধারণ ভোট কেন্দ্র ৪৩টি, গুরুত্বপূর্ণ ৫১টি ও অতিগুরুত্বপূর্ণ ৩৫টি।

বরিশাল-২ আসনে মোট ১৪০টির মধ্যে সাধারণ কেন্দ্র ২৫টি, গুরুত্বপূর্ণ ৫১টি ও অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র ৬৪টি।

বরিশাল-৩ আসনের ১২৬টির মধ্যে সাধারণ ভোট কেন্দ্র ৩৭টি, গুরুত্বপূর্ণ ৩৯টি ও অধিক গুরুত্বপূর্ণ ৫০টি।

বরিশাল-৪ আসনে ১৪৯টির মধ্যে সাধারণ ভোট কেন্দ্র ৯৮টি, গুরুত্বপূর্ণ ১৭টি ও অতি গুরুত্বপূর্ণ ৩৪টি।

বরিশাল-৫ আসনের ১৭৬টির মধ্যে সাধারণ ভোট কেন্দ্র ৯৩টি, গুরুত্বপূর্ণ ৪৬টি ও অতি গুরুত্বপূর্ণ ৩৭টি।

বরিশাল-৬ আসনের ১১৩টি ভোট কেন্দ্রের মধ্যে সাধারণ ভোট কেন্দ্র ৪৬টি, গুরুত্বপূর্ণ ৩২টি ও অতিগুরুত্বপূর্ণ ৩৫টি।

এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের ছয়জন প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন অন্যান্য দলের মনোনীত ও স্বতন্ত্র ২৯ জন প্রার্থী।

নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, বরিশাল ৫ (সদর উপজেলা ও সিটি করপোরেশন) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৩ হাজার ৯৫০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৬ হাজার ৯৪৩ জন ও নারী ভোটার ২ লাখ ৪৭ হাজার জন। আসনটিতে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৭ জন।

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৩ হাজার ৮১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬২ হাজার ৮০৮ জন ও নারী ভোটার ১ লাখ ৬১ হাজার ৯ জন।

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮০ হাজার ৪৯৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৮ হাজার ৫৮ জন ও নারী ভোটার ১ লাখ ১৪ হাজার ৬৩ জন। আসনটিতে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ১ জন।

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৭ হাজার ৮৯৫ জন। এর মধ্যে পুরুয় ভোটার ১ লাখ ৬৫ হাজার ৩৬৩ জন ও নারী ভোটার ১ লক্ষ ৬২ হাজার ৫৩২ জন। আসনটিতে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ১ জন।

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৭ হাজার ৫৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৪ হাজার ৯০৭ জন ও নারী ভোটার ১ লাখ ৮৭ হাজার ৮২ জন। আসনটিতে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ১ জন।

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১০ হাজার ৪৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৭ হাজার ২৯৮ জন ও নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার জন। আসনটিতে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৪ জন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।