![]() বরিশালে নার্সারি মালিককে অ*পহ*র*ণ করে মুক্তিপণ দাবি, আটক ১
১৬ February ২০২৬ Monday ১০:১০:৪২ PM
নিজস্ব প্রতিনিধি: ![]() বরিশাল নগরীতে এক চাঞ্চল্যকর অপহরণ ও নির্যাতনের ঘটনা ঘটেছে। বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গাছ লাগানোর ঠিকাদারি কাজ দেওয়ার কথা বলে কৌশলে ডেকে নিয়ে মিলন শেখ (৪০) নামের এক নার্সারি মালিককে অপহরণ করে আটকে রেখে মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে একদল সন্ত্রাসীর বিরুদ্ধে। তাকে একটি ভাড়া বাসায় আটকে রেখে লোহার রড ও পাইপ দিয়ে নৃশংসভাবে নির্যাতন চালিয়ে তার হাত-পা বেঁধে বস্তাবন্দী করে রাখা হয়। বর্তমানে মিলন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ভূক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়- রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে মিলন শেখ নগরীর বান্দ রোডস্থ এলাকার নিজ মালিকানাধিন মরিয়ম নার্সারিতে অবস্থান করছিলেন। এ সময় তার পূর্ব পরিচিত এবং ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী তাপস তাকে ফোন করে জানান বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কিছু গাছ লাগানো হবে। এই কথা বলে তাকে ডেকে নিয়ে যাওয়া হয়। ব্যবসায়িক সূত্র ধরে আগে থেকেই তাপসের সাথে মিলনের পরিচয় ও কিছু মনমালিন্য ছিল বলে জানা গেছে। মিলনের স্বজনদের দাবি- মিলনকে রহমতপুর পল্লী বিদ্যুতের বিপরীতে একটি ভাড়া বাসায় নিয়ে আটকে রাখা হয়। এরপর সেখানে পৌঁছানো মাত্রই আগে থেকে ওত পেতে থাকা আরও দুইজনসহ মোট তিনজন মিলে মিলনের ওপর ঝাঁপিয়ে পড়ে। লোহার রড ও পাইপ দিয়ে পিটিয়ে তাকে রক্তাক্ত করে। নির্যাতনের একপর্যায় তার হাত-পা বেঁধে বস্তাবন্দী করে ওই বাসার বাথরুমের ভেতর আটকে রাখা হয়। এরপর তার পরিবারের কাছে প্রথমে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়, যা পরবর্তীতে ২ লক্ষ টাকায় নেমে আসে। ঘটনার মোড় ঘোরে এক শিশুর কল্যাণে। ওই বাসার পাশ দিয়ে যাওয়ার সময় একটি ছোট বাচ্চা মিলনের গোঙানি ও আর্তনাদ শুনতে পায়। শিশুটি তার মাকে খবর দিলে স্থানীয়দের সহায়তায় মিলনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এদিকে অপহরণকারীরা মিলনের ব্যবহৃত ডিসকভার ১৩৫ সিসি’ মোটরসাইকেল, মোবাইল ও নগদ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। খবর পেয়ে স্থানীয় জনতা ও স্বজনরা ধাওয়া করে মোটরসাইকেলসহ সুমন সমদ্দার নামে একজনকে আটক করে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশে সোপর্দ করে। তবে বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। আটক সুমন সমদ্দার আগৈলজাড়া উপজেলার শুশিল সমাদ্দারের ছেলে। মিলনের স্বজনদের দাবি- মিলনকে হত্যার উদ্দেশ্যেই মূলত ওই বাসাটি ভাড়া নিয়েছিল তাপস ও তার সহযোগীরা। বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, স্থানীয়রা সুমন সমদ্দার নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছিল। ওই ঘটনায় সাধারণ ডায়েরি হওয়ায় তাকে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বরিশাল কোতয়ালী মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল মামুন-উল ইসলাম জানান, আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সাথে জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

