" />
AmaderBarisal.com Logo

হল ছাত্রনেতা থেকে তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন রাজীব আহসান


আমাদেরবরিশাল.কম

১৮ February ২০২৬ Wednesday ৫:১৩:০১ PM

বিশেষ প্রতিনিধি:

রাজপথ কাঁপানো ছাত্রনেতা থেকে সংসদ সদস্য। আর সেখান থেকে সরাসরি গুরুত্বপূর্ণ তিন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের সংসদ সদস্য রাজীব আহসানের কথা।

প্রথমবারের মতো বিএনপির মনোনয়ন পেয়ে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে প্রায় ৫৩ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। নবগঠিত মন্ত্রিপরিষদে রাজীব আহসান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রতিমন্ত্রী হিসেবে তিনি শপথবাক্য পাঠ করেন।

জানা গেছে, বরিশালের মেহেন্দীগঞ্জ পৌর এলাকার বদরপুরের বাসিন্দা মো. মিজানুর রহমান ও ফরিদা বেগম দম্পতির সন্তান রাজীব আহসান। রাজনৈতিক জীবনে গত আট বছরে তার বিরুদ্ধে মামলার সংখ্যা ছিল ৮২টি। কারাবরণ করতে হয়েছে অগণিতবার।

এদিকে মন্ত্রিপরিষদে স্থান পাওয়ায় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হিজলা-মেহেন্দীগঞ্জ উপজেলায় মিষ্টি বিতরণ করেন স্থানীয় নেতাকর্মীরা।

মেহেন্দীগঞ্জের স্টিমার ঘাট এলাকার বাসিন্দা ষাটোর্ধ্ব সালাম মিয়া বলেন, ‘রাজীব আহসান এই মাটির সন্তান। তিনি জেল-জুলুম সহ্য করে এই অবস্থানে এসেছেন। তিনি নদীবেষ্টিত এই অবহেলিত জনপদকে একটি আধুনিক মডেলে রূপান্তর করবেন।’

আসাদুল ইসলাম বলেন, ‘আমাদের প্রত্যাশা, তিনি মেহেন্দীগঞ্জে একটি আধুনিক আইসিটি পার্ক বা ভোকেশনাল ইনস্টিটিউট করবেন, যাতে আমাদের যুবসমাজকে আর বেকার থাকতে না হয়।’

হিজলা বাজারের ব্যবসায়ী সমীর দেবনাথ বলেন, ‘সড়ক ও নৌ-পরিবহন দুই মন্ত্রণালয়ের দায়িত্বই এখন আমাদের সংসদ সদস্যের হাতে। আমাদের দীর্ঘদিনের দাবি বরিশালের সাথে সরাসরি সড়ক যোগাযোগ বাড়ানো এবং আধুনিক লঞ্চ টার্মিনাল নির্মাণ করা। রাজীব আহসান মন্ত্রী হওয়ায় আমাদের ব্যবসা-বাণিজ্যের প্রসার হবে বলে আমরা আশাবাদী।’

মেহেন্দীগঞ্জের প্রবীণ এক শিক্ষক বলেন, ‘রাজীব আহসান রাজনৈতিক প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করবেন এবং হিজলা-মেহেন্দীগঞ্জকে একটি শান্ত ও উন্নত জনপদে পরিণত করবেন।’

স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৪ অক্টোবর ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আসীন হন রাজীব আহসান। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্‌দীন হল ছাত্রদলের সভাপতি পদেও ছিলেন। ২০২২ সালের ৪ সেপ্টেম্বর তাকে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক করা হয়।

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে মো. রাজীব আহসান ১ লাখ ২৮ হাজার ৩২২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ আব্দুল জব্বার দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭৪ হাজার ৬৮৪ ভোট।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।