" />
AmaderBarisal.com Logo

আগৈলঝাড়ায় মিথ্যা মামলায় দুই শিক্ষার্থী পালিয়ে বেড়াচ্ছে


আমাদেরবরিশাল.কম

২৭ February ২০২৬ Friday ৭:২৭:৫৭ PM

আগৈলঝাড়া ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের আগৈলঝাড়ায় মিথ্যা অভিযোগে মামলা দায়েরের পর দুই সহোদর শিক্ষার্থী পালিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে আত্মগোপন থেকে বেরিয়ে এসে তারা নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ তুলেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লিমন হাওলাদার বলেন, আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামের লক্ষ্মণ মিস্ত্রীর ছেলে অশোক মিস্ত্রি পূর্বশত্রুতার জের ধরে গত ২৩ ফেব্রুয়ারি থানায় আমার এবং আমার ছোট ভাই ফকুর বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেছেন। মামলায় আমাদের বিরুদ্ধে এয়ারগান দিয়ে অবৈধভাবে পাখি শিকার এবং হামলার অভিযোগ আনা হয়েছে।আমরা দুজনেরই কোনো এয়ারগান নেই এবং ব্যবহারও করতে পারি না।

লিমন জানান, ঢাকা কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তিনি। তার ছোটোভাই আস্কর স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।

লিমন বলেন, ঘটনার দিন আমি মামা বাড়ি উজিরপুরের সাতলা গ্রামে বেড়াতে ছিলাম।তাই মামলার সময় আমরা এলাকায় উপস্থিত ছিলাম না।

তিনি অভিযোগ করেন, মামলার বাদী অশোক মিস্ত্রি সাত বছর আগে ইঁদুর মারার জন্য জমিতে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিলে আমার চাচাতো ভাই জিয়া হাওলাদার বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরবর্তীতে তার দু’হাতের কবজি কেটে দেওয়া হয় এবং তিনি স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করেন। সেই ঘটনার পর থেকেই অশোক মিস্ত্রি আমাদের প্রতি ক্ষুব্ধ ছিলেন।দীর্ঘদিন পর এই শত্রুতার জের ধরে আমাদের বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলা দায়ের করে সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ, শিক্ষাজীবন বিপন্ন ও মানসিক হয়রানি সৃষ্টি করা হচ্ছে।

লিমন প্রশাসনের প্রতি আবেদন জানিয়ে বলেন, সঠিক তদন্তের মাধ্যমে অশোক মিস্ত্রীর হয়রানির হাত থেকে আমাদের রক্ষা করে আমাদের স্বাভাবিক শিক্ষা জীবন চালিয়ে যেতে সহায়তা করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক ইউপি সদস্য জয়নাল হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ হাওলাদার, স্কুল শিক্ষিকা শাহিদা বখতিয়ার, কবির হাওলাদার, আলমগীর হাওলাদার, নুপুর বেগম, রেজাউল করিম, জাহাঙ্গীর হাওলাদারসহ স্থানীয় শতাধিক নারী-পুরুষ।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।