" />
AmaderBarisal.com Logo

মেঘনায় অভয়াশ্রম অভিযানে হামলা : আটক ২


আমাদেরবরিশাল.কম

৭ March ২০২৬ Saturday ৪:২০:০৫ PM

হিজলা ((বরিশাল) প্রতিনিধি:

মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় অবৈধ মাছ শিকার ঠেকাতে অভিযানে গিয়ে জেলেদের ধাওয়া ও হামলার মুখে পড়েছে অভিযানকারী দল। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) সকাল ৮টার দিকে বরিশালের হিজলা উপজেলার আলীগঞ্জ সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

হিজলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, অভয়াশ্রম এলাকায় বেহুন্দী জাল দিয়ে অবৈধভাবে মাছ শিকার করা হচ্ছিল।এ সময় অভিযানিক দল সেখানে গেলে জেলেরা সংঘবদ্ধ হয়ে তাদের প্রতিরোধের চেষ্টা করে।

তিনি বলেন, কয়েকটি নৌকার জেলেরা একত্রিত হয়ে একটি বড় ট্রলার নিয়ে অভিযানকারী দলের স্পিডবোটকে ধাওয়া দেয়। এ সময় তারা বাঁশের লাঠি দিয়ে আঘাত করারও চেষ্টা করে।

মোহাম্মদ আলম আরও জানান, বড় ট্রলারটিতে প্রায় ১০ জনের মতো লোক ছিল।পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। তবে কৌশল অবলম্বন করে অভিযানকারীরা পাশের একটি ট্রলার থেকে দুইজনকে আটক করতে সক্ষম হয়।

এ সময় একটি ট্রলারসহ একটি বেহুন্দী জাল এবং দুটি লোহার অ্যাংকর জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া এলাকার বাসিন্দা মো. মারুফ হোসেন (২৪) ও মো. জাহাঙ্গীর মাঝি (৫০)।

পরে তাদের হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়ালের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন।

এছাড়া জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেওয়া হিজলা নৌ পুলিশের উপ-পরিদর্শক শাহীন আলম জানান, জব্দ করা ট্রলারটি পরবর্তীতে নিলামে বিক্রি করে এর অর্থ সরকারি কোষাগারে জমা করা হবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।