" />
AmaderBarisal.com Logo

ঈদে বাউফলে ১ হাজার অসহায় পরিবারের পাশে এমপি শফিকুল ইসলাম মাসুদ, নগদ অর্থ সহায়তা বিতরণ


আমাদেরবরিশাল.কম

১৮ March ২০২৬ Wednesday ১:১৭:৫৩ PM

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:


পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে ১ হাজার দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এই সহায়তা দেন।
বুধবার (১৮ মার্চ) সকাল ১১টায় উপজেলার মদনপুরা এলাকায় তার নিজ বাসভবনে আনুষ্ঠানিকভাবে এ অর্থ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত অসহায় পরিবারের তালিকা প্রস্তুত করে এই সহায়তা প্রদান করা হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিটি পরিবারকে এক হাজার টাকা করে দেওয়া হয়েছে, যাতে তারা ঈদকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে পারে।
সহায়তা পেয়ে উপকারভোগীদের মধ্যে স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা গেছে। বগা এলাকা থেকে আসা জরিমন বিবি (৬৫) বলেন, “আমরা আগে কোনো সহায়তা পাইনি। আজকে এই টাকা পেয়ে খুব উপকার হলো, সংসারের কিছুটা চাপ কমবে।”
সূর্যমনি এলাকার আবদুর রহিম (৬২) জানান, “বর্তমান বাজার পরিস্থিতিতে এই সহায়তা আমাদের জন্য অনেক সহায়ক। অন্তত কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে পারবো।”
এ সময় আরও কয়েকজন উপকারভোগী বলেন, এমন সহায়তা কার্যক্রম নিয়মিত হলে দরিদ্র মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।
সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, সরকারের পক্ষ থেকে প্রাপ্ত ১০ লাখ টাকার পুরোটা বিতরণ করার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় অতিরিক্ত অর্থ সংগ্রহ করে তা অসহায়দের মাঝে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “যেসব পরিবার ইতোমধ্যে সরকারের ১০ কেজি চালসহ অন্যান্য সহায়তা পেয়েছে, তাদের এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। বরং যারা এখনো কোনো ধরনের সরকারি সহায়তা পায়নি, তাদেরকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে।”
তিনি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।