" />
AmaderBarisal.com Logo

বরিশালের বটতলায় মব সন্ত্রাসের নিন্দা জানাল বাসদ, এগিয়ে আসেনি আর কোন রাজনৈতিক সংগঠন


আমাদেরবরিশাল.কম

১৮ March ২০২৬ Wednesday ৭:২৬:০০ PM

ঘটনার পর ক্ষমতায় থাকা দল সহ অনান্য রাজনৈতিক দলকে এগিয়ে আসতে দেখা যায়নি। তাদের এমন নিষ্ক্রিয়তা জনমনে প্রশ্ন তুলছে।

বরিশাল নগরের বটতলা পুলিশ ফাঁড়ির সামনেই মঙ্গলবার দুপুরের দিকে হাবিব শাহের দরবারে ভাঙচুর ও হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)।

মঙ্গলবার এক বিবৃতিতে দলের বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী ঘটনাটিকে ‘মব সন্ত্রাস’ আখ্যা দিয়েছেন। পাশাপা‌শি দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, বটতলা পুলিশ ফাঁড়ির মুখে প্রায় ৩৮ বছর ধরে হাবিবুর রহমান ওর‌ফে হা‌বিব শাহের দরবার পরিচালিত হয়ে আসছে।

দরবারকে ঘিরে সংলগ্ন মাঠে নিয়মিত ধর্মীয় ও সাংস্কৃতিক নানা আয়োজন হয়। তার ভাই খ‌লিলুর রহমান দরবা‌রেই থাক‌তেন। মঙ্গলবার ভো‌রে ৯০ বছর বয়স্ক হাবিব শাহ মৃত্যুবরণ ক‌রেন। তার শেষ ইচ্ছে অনুযায়ী ভক্তরা খানকার ভেতরেই কবর দেওয়ার উদ্যোগ নেন।

অভিযোগ, তখনই একদল উচ্ছৃঙ্খল লোক সেখানে বাধা দেয় এবং পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। দুপুর ২টার দিকে কব‌রের জন্য রাখা বাশসহ অনুসঙ্গ তছনছ ক‌রে।

বাসদের অভিযোগ, হামলাকারীরা হারমোনিয়াম, ঢোলসহ গান-বাজনার সরঞ্জাম ভাঙচুর করে। এমন‌কি খানকাটি তালা মেরে বন্ধ করে দেয়। প‌রে তার মর‌দেহ কীর্তন‌খোলা তী‌রের চরকাউয়ার এআর খান এলাকায় দাফন করা হয়।

ঘটনাটি পুলিশ ফাঁড়ির সামনেই ঘটলেও তা ঠেকাতে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি বলেও বিবৃতিতে ইঙ্গিত করা হয়।

ডা. মনীষা চক্রবর্তী বলেন, গত বছরের ৫ আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেশে ৮০টির বেশি মাজারে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

তাঁর দাবি, এমন পরিস্থিতিতে পুলিশ ফাঁড়ির সামনে দরবারে হামলার ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে।

ঘটনার নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বাসদ নেত্রী।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।