বাউফলে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
আমাদেরবরিশাল.কম
২২ March ২০২৬ Sunday ৪:৪০:৫০ PM
বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পটুয়াখালীর বাউফল উপজেলায় আয়োজিত ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ মার্চ) দুপুরে বাউফল পাবলিক মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এতে ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি সামাজিক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি তার বক্তব্যে বলেন, বাউফলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। চুরি, ডাকাতি ও তেল সিন্ডিকেটের অপতৎপরতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়ে তিনি সংশ্লিষ্টদের সতর্ক করেন। তিনি আরও বলেন, “জনগণের সম্পদ লুণ্ঠন কিংবা সিন্ডিকেটের দৌরাত্ম্য কোনোভাবেই বরদাশত করা হবে না। বাউফলের মাটিতে অন্যায়কারীদের স্থান নেই। জনগণের সেবক হিসেবে আমি সবসময় মানুষের পাশে থেকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাব।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসান, শায়েখ জামাল উদ্দীন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক এবিএম সাইফুল্লাহ এবং জেলা ছাত্রশিবির সভাপতি হাফেজ আতিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, বাউফল ফাউন্ডেশনের মহাসচিব অ্যাডভোকেট আবুল কাশেম, উপজেলা ছাত্রশিবির সভাপতি লিমন হোসেন, আতিক নজরুলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সংগীত, কবিতা আবৃত্তি ও অন্যান্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে এবং পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরবর্তীতে উপস্থিত সবার মাঝে মিষ্টান্ন বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা ভেদাভেদ ভুলে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও সমৃদ্ধ বাউফল গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।