" />
AmaderBarisal.com Logo

গাড়ির বদলে রিকশায় নগর ভবনে গেলেন বিসিসি’র প্রশাসক


আমাদেরবরিশাল.কম

২৫ March ২০২৬ Wednesday ৬:৫৯:৫৫ PM

নগর প্রতিনিধি:

বরিশাল সিটি করপোরেশনের প্রথম নারী প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন প্রথম কর্মদিবসে রিকশায় চড়ে নগরভবনে গিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন।

নেটিজেনরা বলছেন, বিশ্বজুড়ে জ্বালানি তেলের সংকট ও মূল্যবৃদ্ধির এই সময়ে বিলাসবহুল গাড়ি থাকা সত্ত্বেও তা ব্যবহার না করে প্যাডেলচালিত রিকশায় করে নগরভবনে যাওয়া একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন শিরীন।

বুধবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নগরভবনে প্রবেশ করে নিজের শুভেচ্ছা ব্যানার নিজেই টেনে খুলে ফেলেন তিনি।

প্রথম কার্যদিবসে যোগ দিতে গেলে প্রবেশদ্বারেই সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে বরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল বারী, সচিব রুম্পা শিকদার, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, সিটি করপোরেশনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী এবং সাবেক কাউন্সিলররা।

সংক্ষিপ্ত বক্তব্যে প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, নারী ক্ষমতায়নের প্রতি আস্থা রেখে প্রধানমন্ত্রী তাকে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব দিয়েছেন। তিনি দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে চান এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় নগর উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, এই নগরকে শিশু ও নারীবান্ধব হিসেবে গড়ে তোলা হবে এবং নগরভবনকে জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে রূপ দেওয়া হবে।

শিরীন আরও বলেন, তার রাজনৈতিক জীবনে তিনি কখনো নিজেকে অনিরাপদ রাখেননি এবং কাউকে অনিরাপদ পরিস্থিতিতে ফেলেননি। সততার মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করে দুর্নীতিমুক্ত সিটি করপোরেশন গড়ে তোলার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি। দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

এ সময় সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সততার সঙ্গে দায়িত্ব পালনের অনুরোধ জানান নতুন প্রশাসক।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।