বাউফলে নিষিদ্ধ কার্যক্রম: আ.লীগ ও অঙ্গসংগঠনের পৃথক দুই মিছিল
আমাদেরবরিশাল.কম
২৭ March ২০২৬ Friday ৫:৫৭:০৬ PM
বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পটুয়াখালীর বাউফল উপজেলায় নিষিদ্ধ ঘোষিত কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক দুটি মিছিল করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে উপজেলার বিলবিলাস বাজার এলাকা ও সদর ইউনিয়নে পৃথকভাবে মিছিল দুটি অনুষ্ঠিত হয়। এ সংক্রান্ত একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, প্রতিটি মিছিলে প্রায় ১৫ থেকে ২০ জন নেতাকর্মী অংশ নেন। মিছিলগুলোতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘আজকের এই দিনে মুজিব তোমায় মনে পড়ে’, ‘লাল-সবুজের পতাকায় মুজিব তোমায় দেখা যায়’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’—এ ধরনের স্লোগান দেওয়া হয়। মিছিলের ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং বাউফল পৌরসভার সাবেক মেয়র ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েলের ছবি দেখা গেছে। এছাড়া মিছিলের অগ্রভাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু নেতাকর্মীও অংশ নেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, ‘আমি আজ (শুক্রবার) যোগদান করেছি। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।