" />
AmaderBarisal.com Logo

পিরোজপুরে বেশি দামে পেট্রোল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা


আমাদেরবরিশাল.কম

৩০ March ২০২৬ Monday ১১:৪২:৪৬ AM

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বেশি দামে পেট্রোল বিক্রি ও অবৈধভাবে মজুদ করার অভিযোগে অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ৪০০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) বিকেলে উপজেলার চাঁদকাঠী বাজার ও গাওখালী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চাঁদকাঠী বাজারের সারদা ফার্মেসিতে বেশি দামে পেট্রোল বিক্রি করার দায়ে হাসান বাহাদুর নামের এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে গাওখালী বাজারের মেসার্স শিহাব স্টোরের মালিক জিয়াউল হাসান সোহাগকে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া পেট্রোল মজুদ এবং বেশি দামে বিক্রি করার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে তার কাছ থেকে প্রায় ৪০০ লিটার পেট্রোল জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নাজিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শপথ বৈরাগী। দেখা যায়, অভিযুক্ত কোনো তেল বিক্রেতার কাছেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বৈধ অনুমোদন নেই। এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালত ভবিষ্যতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনপত্র ছাড়া তেল বিক্রি না করার জন্য কঠোরভাবে নির্দেশনা প্রদান করেন।

নাজিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শপথ বৈরাগী জানান, জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণ ও অনিয়ম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।