বাউফলে কলেজের সাংবাদিক সম্মেলনের ব্যানারে ছাত্রলীগের স্লোগান, সমালোচনার ঝড়
আমাদেরবরিশাল.কম
১ April ২০২৬ Wednesday ১১:৩৫:৫৪ PM
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার ইদ্রিশ মোল্লা ডিগ্রি কলেজে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের ব্যানারে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের স্লোগান ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণকে কেন্দ্র করে কলেজের সাবেক শিক্ষার্থী মো. হাসান ফেসবুক লাইভে এসে নানা অনিয়মের অভিযোগ তোলেন। তার ওই বক্তব্য দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে কলেজ কর্তৃপক্ষ চাপে পড়ে এবং বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এর প্রেক্ষিতে বুধবার (১ এপ্রিল) দুপুর ১টার দিকে কলেজ কর্তৃপক্ষ একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। তবে সম্মেলনের জন্য ব্যবহৃত ব্যানারে উপরের অংশে ‘শিক্ষা, শান্তি, প্রগতি’ স্লোগানটি লেখা ছিল, যা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পরিচিত রাজনৈতিক স্লোগান হিসেবে পরিচিত। ব্যানারের মাঝখানে বড় করে ‘সাংবাদিক সম্মেলন’ এবং নিচে ‘কালাইয়া, বাউফল, পটুয়াখালী’ লেখা ছিল। ব্যানারে এ ধরনের স্লোগান ব্যবহারের বিষয়টি সামনে আসার পর স্থানীয় মহলে ক্ষোভের সৃষ্টি হয়। অনেকেই প্রশ্ন তুলেছেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের আয়োজনে কীভাবে একটি নিষিদ্ধ সংগঠনের স্লোগান ব্যবহার করা হলো। এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “কলেজ কর্তৃপক্ষের ভেতরে এখনো নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রতি অনুরাগ রয়ে গেছে বলেই এমন ঘটনা ঘটেছে। একটি সার্বজনীন প্রতিষ্ঠানে এ ধরনের রাজনৈতিক স্লোগান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” তিনি ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান। অন্যদিকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ এনায়েত হোসেন বলেন, “বিষয়টি সম্পূর্ণ অনিচ্ছাকৃত। ব্যানার তৈরির দায়িত্বে থাকা এক শিক্ষক অসাবধানতাবশত এটি ব্যবহার করেছেন। আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি এবং ভবিষ্যতে এ ধরনের ভুল যাতে না হয় সে বিষয়ে সতর্ক থাকবো।” এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।