" />
AmaderBarisal.com Logo

পাথরঘাটায় ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা আদায়ের অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার


আমাদেরবরিশাল.কম

৩ April ২০২৬ Friday ৩:৩৭:১৭ PM

পাথরঘাটা ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে রফিকুল ইসলাম (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের একটি বাসা থেকে টাকা সংগ্রহের সময় স্থানীয় লোকজন তাকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। 

রফিকুল উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং কালমেঘা ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, প্রথমে মাইকিং করে ফ্যামিলি কার্ডের মাধ্যমে কম দামে চাল, ডালসহ বিভিন্ন পণ্য দেওয়ার কথা প্রচার করা হয়। এরপর ওই যুবক কার্ড তৈরির কথা বলে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নেওয়া শুরু করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে আটক করেন।

স্থানীয় বাসিন্দা রহিম মিয়া বলেন, ‘ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য দেওয়ার কথা বলে আমার কাছ থেকে ৪০০ টাকা নেওয়া হয়েছে। আমার মতো শত শত মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে।’

আটকের খবর ছড়িয়ে পড়লে টাকা ফেরতের দাবিতে ভুক্তভোগীরা পাথরঘাটা থানার সামনে ভিড় জমান। তারা দ্রুত টাকা ফেরত এবং জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তির দাবি জানান।

এ বিষয়ে বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও বরগুনা জেলা পরিষদ প্রশাসক নজরুল ইসলাম মোল্লা বলেন, ‘বরগুনায় ফ্যামিলি কার্ড দেওয়া হবে—এমন কোনো বিষয়ে এখনো আলোচনা হয়নি। ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়া হয়েছে।’

পাথরঘাটা থানার ওসি এনামুল হক বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হবে বলেও তিনি জানান।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।