" />
AmaderBarisal.com Logo

মুক্তি পেয়ে যা বললেন ভোলার জামায়াতের সেই নারী কর্মী


আমাদেরবরিশাল.কম

৭ April ২০২৬ Tuesday ৪:৪৯:২১ PM

ভোলা প্রতিনিধি:

ফেসবুকে রাষ্ট্র ও সরকারবিরোধী পোস্ট করার অভিযোগে আটক ভোলার জামায়াতে ইসলামীর নারী কর্মী সাওদা সুমি জামিনে মুক্তি পেয়ে বলেন, ‘আমার অসুস্থ দুইটা বাচ্চাকে রেখে দুই রাত জেলখানায় কাটাতে হয়েছে, অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হয়েছে, না খেয়ে-না ঘুমিয়ে আছি, আমি চাই সামনের দিনগুলোতে আমাদের কথা বলার সুযোগ দেওয়া হোক।’ 

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে ভোলা সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুরের পর তিনি কারাগার থেকে মুক্তি পেয়ে এসব কথা বলেন।

সাওদা সুমি বলেন, ‘এমন কষ্ট পাওয়ার জন্য আমরা এই সরকারকে নির্বাচিত করিনি। আমাদের কথা বলার সুযোগ দেওয়া হোক। আমাদের মতামত আমরা যেন তুলে ধরতে পারি, আমরা এটাই চাই।’

তিনি বলেন, আমি একজন ফ্রিল্যান্সার, আমি শুধুমাত্র ভিউয়ের জন্য কাজ করে যাব না। আমি দেশকে ভালোবেসে এ কাজ করেছি। আমার জনগণের জন্য এ কাজ করেছি। এটা আমার ব্যক্তিগত মতামত। আমি সরকারকে বলিনি যে আমার কথা আপনাদের শুনতে হবে।

তিনি আরও বলেন, ‘আগামী সতেরো বছর কি আমরা আবার জেলের মধ্যে থাকবো? গত আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের রক্ত কি বৃথা যাবে? এতগুলো মানুষ অন্ধ হলো, পঙ্গু হলো, তাদের ত্যাগের বিনিময়ে আমরা যদি চুপ থাকি, তাহলে কী লাভ হলো আমাদের?’

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইলিয়াস সুমন বলেন, গত রোববার (৫ এপ্রিল) রাতে ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ একাডেমি সড়কের এক বাসা থেকে সন্দেহজনক হিসেবে তাকে আটক করে পুলিশ। পরে দণ্ডবিধির ৫৪ ধারায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

তিনি বলেন, মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে এ মামলার জিয়ারু ও আসামিপক্ষের আইনজীবীর দীর্ঘ এক ঘণ্টার শুনানির পর অবশেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

প্রসঙ্গত, রোববার (৫ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ একাডেমি সড়কের এক বাসা থেকে জামায়াতে ইসলামির নারীকর্মী সাওদা সুমিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে দণ্ডবিধির ৫৪ ধারায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।