![]() চার দফা দাবি: ২ ঘণ্টা পর মহাসড়ক ছাড়লেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
১৯ April ২০২৬ Sunday ৬:৪৬:৩৯ PM
ক্যাম্পাস প্রতিনিধি: ![]() চার দফা দাবিতে দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। তেলবাহী গাড়ির চাপায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গুরুতর আহত হওয়াকে কেন্দ্র করে আজ রোববার (১৯ এপ্রিল) দুপুরে ববিসংলগ্ন বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করা হয়। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ত্রিপক্ষীয় বৈঠক শেষে বিকেল ৪টার দিকে শিক্ষার্থীরা মহাসড়ক থেকে সরে যান। জানা গেছে, গতকাল শনিবার একটি তেলবাহী গাড়ির চাপায় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী গুরুতর আহত হন। তাঁর নাম তামিম হোসেন। তিনি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। আন্দোলনরত শিক্ষার্থীরা বেলা ২টা থেকে মহাসড়ক বন্ধ করে দিয়ে চার দফা দাবি জানান। দাবিগুলো হলো—বিশ্ববিদ্যালয়ের সামনে দ্রুত পুলিশ ফাঁড়ি স্থাপন, দুর্ঘটনায় জড়িত ঘাতক চালককে গ্রেপ্তার, মহাসড়কে স্থায়ী ট্রাফিক পুলিশ মোতায়েন এবং আহত শিক্ষার্থীর যথাযথ ক্ষতিপূরণ দেওয়া। আন্দোলনরত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তৌসিফ আলম খান বলেন, ‘শনিবার দুপুরে আমাদের বিভাগের এক শিক্ষার্থীকে একটি তেলবাহী গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। যানবাহনটির মালিকপক্ষ সকাল ১০টার মধ্যে আসার কথা বললেও তারা আসেনি। তাই বাধ্য হয়ে রাস্তায় নেমেছি।’ আরেক শিক্ষার্থী আকিবুল ইসলাম বলেন, ‘সড়কে আর কত রক্ত দিলে পরিস্থিতি বদলাবে? আমরা বারবার প্রশাসনকে জানিয়েছি, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নেই। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’ দীর্ঘ সময় সড়ক অবরোধে বরিশাল-কুয়াকাটা সড়কে শত শত পরিবহন আটকে পড়ে। ঢাকা থেকে কুয়াকাটা যাওয়া যাত্রী আব্দুল হালিম বলেন, ‘ঘণ্টাখানেক ধরে দাঁড়িয়ে আছি। এই গরমে আর দাঁড়াতে পারছি না। দ্রুত রাস্তাটা ছাড়লে বাড়ি যেতে পারতাম।’ এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ তৌফিক আলম বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নেওয়ায় তাঁরা বিকেল ৪টার দিকে মহাসড়ক ছেড়ে দিয়েছেন। অভিযুক্ত যানবাহনটির মালিকপক্ষ এবং শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন বসেছিল। সব পক্ষের সঙ্গে আন্তরিকভাবে সমঝোতা হয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

