" />
AmaderBarisal.com Logo

কলাপাড়ায় তিন ইটভাটায় অভিযান, ৪ লাখ টাকা জরিমানা


আমাদেরবরিশাল.কম

২২ April ২০২৬ Wednesday ৮:২৯:২৪ PM

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় পরিবেশ আইন অমান্য করে অবৈধভাবে কার্যক্রম পরিচালনার দায়ে ৩টি ইটভাটায় অভিযান চালিয়ে ৪ লাখ টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার নাচনাপাড়া এলাকায় আরপাঙ্গাশিয়া নদীর তীরবর্তী মেসার্স ভাই ভাই ব্রিকস, বিসমিল্লাহ ব্রিকস ও মেসার্স দেশ ব্রিকসে এই অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তামিম।

প্রশাসন সূত্রে জানা গেছে, লাইসেন্সবিহীন ইটভাটা পরিচালনা, পরিবেশের জন্য ক্ষতিকর ড্রাম চিমনি ব্যবহার এবং কৃষি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) অনুমতি ছাড়া কাটার অপরাধে এই ৩টি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি জনস্বার্থে জনবসতি ও নদীর তীরবর্তী এসব ভাটার কাঁচা ইট, প্রস্তুতকৃত ইট, নিষিদ্ধ ড্রাম চিমনি এবং চুল্লির একাংশ ঘটনাস্থলেই ধ্বংস করে দেওয়া হয়।

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কাউছার হামিদের দিক-নির্দেশনায় পরিচালিত এ অভিযানে পটুয়াখালী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এবং সহকারী বন সংরক্ষকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৯ অনুযায়ী এই অর্থদণ্ড প্রদান ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পরিবেশ রক্ষায় এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের এ ধরনের কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।