![]() কলাপাড়ায় ধানের ন্যায্য মূল্য ও বাজার সিন্ডিকেট নির্মুলের দাবিতে কৃষকদের বিক্ষোভ
২৭ April ২০২৬ Monday ৫:১৫:০৭ PM
কলাপাড়া ((পটুয়াখালী) প্রতিনিধি: ![]() ধানের ন্যায্য ও লাভজনক মূল্য নিশ্চিত করা, বাজারে সক্রিয় সিন্ডিকেট ভাঙা এবং কৃষকের অধিকার প্রতিষ্ঠার দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের অংশগ্রহণে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজার এলাকায় বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে সংগঠনের উপজেলা শাখার সভাপতি জিএম মাহবুবের সভাপতিত্বে স্থানীয় কৃষকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। বক্তব্য রাখেন সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়নাভিরাম গাইন (নয়ন), নীলগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুল হক গাজী এবং সদস্য আলতাফ গাজীসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা অভিযোগ করে বলেন, বর্তমানে এক কেজি ধান উৎপাদনে কৃষকদের ব্যয় হচ্ছে প্রায় ৩০ থেকে ৩২ টাকা, অথচ দালাল ও মধ্যস্বত্বভোগী সিন্ডিকেটের কারণে সেই ধান ১৬ থেকে ১৮ টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। এতে কৃষকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এছাড়া তেল সংকটকে কেন্দ্র করে হারভেস্টার মালিকদের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও তোলেন তারা। এক কানি জমির ধান কাটতে এখন কৃষকদের ১৬ থেকে ১৮ হাজার টাকা পর্যন্ত গুনতে হচ্ছে, যা গত বছরের তুলনায় প্রায় ৬ হাজার টাকা বেশি। ফলে উৎপাদন খরচ বেড়ে কৃষকরা চরম আর্থিক চাপে পড়েছেন। কৃষক নেতারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয় নিশ্চিত করতে হবে এবং ধান ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দিতে হবে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয়কেন্দ্র চালুর দাবি জানান তারা। খাল ও স্লুইসগেটের ইজারা ব্যবস্থা বাতিল করে জলাবদ্ধতা নিরসন ও সেচ ব্যবস্থার উন্নয়নের ওপরও গুরুত্বারোপ করা হয়। সমাবেশ শেষে কৃষকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পাখিমারা বাজার এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

