গণতন্ত্রের পাঠ নিতে বাউফলের অর্ধ শতাধিক শিক্ষার্থী নিয়ে জাতীয় সংসদে এমপি
আমাদেরবরিশাল.কম
৩০ April ২০২৬ Thursday ১:২৯:২৯ PM
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
গণতন্ত্রের পাঠ নিতে বাউফলের অর্ধ শতাধিক শিক্ষার্থীকে নিয়ে জাতীয় সংসদ পরিদর্শনের এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তার এই আয়োজনে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান বাংলাদেশ জাতীয় সংসদ সরাসরি দেখার সুযোগ পায়। বুধবার দুপুরে অনুষ্ঠিত এ শিক্ষামূলক সফরে এমপি নিজেই শিক্ষার্থীদের সংসদ ভবনের গুরুত্বপূর্ণ অংশ ঘুরে দেখান। ভবনের অনন্য স্থাপত্য, অধিবেশন কক্ষ, আইন প্রণয়ন প্রক্রিয়া ও সংসদের কার্যপ্রণালী সম্পর্কে বিস্তারিত ধারণা দেন তিনি। পুরো সফরজুড়ে শিক্ষার্থীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ, কৌতূহল ও আনন্দঘন পরিবেশ। সংসদ পরিদর্শন শেষে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “আজ আমার জন্য অত্যন্ত আনন্দের একটি দিন। আমি বাউফলবাসীর কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম—এই আসন হবে পুরো বাউফলবাসীর প্রতিনিধিত্বের প্রতীক। শিক্ষার্থীদের সংসদে নিয়ে আসা সেই অঙ্গীকার বাস্তবায়নেরই অংশ।” তিনি আরও বলেন, “আজকের এই তরুণরাই আগামী দিনের নেতৃত্ব। ভবিষ্যতে তোমরাই এই সংসদে বসে দেশ পরিচালনা করবে। তোমাদের মধ্য থেকেই তৈরি হবে দক্ষ, সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব।” এমপি সংসদ সচিবালয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তাদের সহযোগিতায় এ আয়োজন সফল হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ভিজিট কার্যক্রম চালু রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি তিনটি বার্তা তুলে ধরেন—মানুষের জন্য নিবেদিত হওয়া, যোগ্যতা ও দক্ষতা অর্জন করা এবং দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধ ধারণ করা। তিনি বলেন, “নেতৃত্বের অভাব নয়, আমাদের দেশে নৈতিকতার সংকট রয়েছে। নৈতিকতা ধারণ করতে পারলে তোমরাই প্রকৃত সফল মানুষ হবে।” তিনি আরও যোগ করেন, “তোমরা একটি মাদকমুক্ত, জ্ঞানভিত্তিক ও দুর্নীতিমুক্ত আদর্শ বাউফল গড়তে পারো। এই সংসদ ভিজিট তোমাদের সেই স্বপ্ন পূরণে অনুপ্রেরণা যোগাবে।” সংসদ ভিজিট শেষে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বাউফল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জারা বলেন, “এত অল্প বয়সে সংসদ ভবন দেখার সুযোগ পাবো ভাবিনি। এটি আমার জন্য অবিস্মরণীয় অভিজ্ঞতা।” একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী রাইশা বলেন, “আজকের দিনটি আমার জীবনের অন্যতম সেরা দিন। সরাসরি সংসদ দেখা যেন স্বপ্নপূরণ।” বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী রাফি বলেন, “জাতীয় সংসদে প্রবেশ করা আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। আমাদের এমপি শুধু কথায় নয়, কাজে তা প্রমাণ করেছেন।” নুরাইনপুর নেছারিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী তাসিফুল ইসলাম বলেন, “নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন আজকের এই উদ্যোগ।” মোহাম্মদ কাউসার হোসেন নামে একজন অভিভাবক বলেন, “এই ভ্রমণ শিক্ষার্থীদের জ্ঞান ও দৃষ্টিভঙ্গি সমৃদ্ধ করবে।” বাউফল ইদ্রিস মুলা ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বাবু মধুসূদন সরকার বলেন , এ আয়োজন বাউফলের শিক্ষার্থীদের মাঝে নতুন স্বপ্ন, প্রেরণা ও নেতৃত্বের আকাঙ্ক্ষা জাগিয়ে ভবিষ্যতে একটি সচেতন ও উন্নত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।